গেস্টরুমের স্থলে গেস্ট হাউজ শব্দ যুক্তে সংশোধন হলো অভিযোগ গঠন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩১

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ গঠন) ফর্মে করনিক ভুল সংশোধন করেছে ট্রাইব্যুনাল। ঐ অভিযোগ গঠনের ফর্মে ‘গেস্ট রুম’-এর স্থলে ‘গেস্ট হাউজ’ শব্দটি যুক্ত হয়েছিল। যুক্তিতর্ক উপস্থাপনের প্রস্তুতিকালে এ ভুল নজরে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। এরপরই তা সংশোধনে ট্রাইব্যুনালে আবেদন দেয় রাষ্ট্রপক্ষ। গতকাল বুধবার শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান তা সংশোধনের আদেশ দেন। এদিকে চার্জ সংশোধনের পর আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষী রিকল না করার সিদ্ধান্তের কথা আদালতকে জানায়। এরপরই আগামী ১৪ সেপ্টেম্বর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পুনরায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে এই মামলার আসামিরা নতুন করে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখবেন। এরপর যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। 

প্রসঙ্গত বর্তমানে মামলাটির বিচার শেষ পর্যায়ে। এই মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শেষে গতকাল বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তখন রাষ্ট্রপক্ষ জানায়, চার্জগঠনে বুয়েটের শেরেবাংলা হলের ‘গেস্ট রুমের’ স্থলে ‘গেস্ট হাউজ’ শব্দ লেখা হয়েছে। দুটি শব্দের পারিভাষিক অর্থের ভিন্নতা থাকায় যুক্তিতর্ক পর্যায়ে তা সংশোধনের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিশেষ পিপি আব্দুল্লাহ আবু বলেন, ফৌজদারি কার্যবিধির ২২৭ ধারা অনুযায়ী চার্জ সংশোধন করার সুযোগ বিচারকের রয়েছে।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করা হয়। ঐ বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। গত বছর ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করে আদালত। মামলাটিতে ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ১৪ মার্চ এ মামলায় কারাগারে থাকা ২২ আসামি আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন। পলাতক রয়েছে তিন আসামি।