উপজেলা চেয়ারম্যান পদ

আওয়ামী লীগের ৮৭ প্রার্থীর নাম ঘোষণা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৭

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের ৮৭ প্রার্থীর নাম প্রকাশ করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল মনোনিত একক এসব চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি বলেন, এটি তালিকা প্রকাশের প্রথম ধাপ। ১৯ সদস্যের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে। জানা গেছে, তৃণমূলে প্রার্থী বাছাইয়ে এমপি ও জেলা-উপজেলা পর্যায়ের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রে সহস াধিক অভিযোগ জমা পড়েছিল। এসব অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় তৃণমূলের প্রস্তাব উপেক্ষা করে জরিপ রিপোর্টের ভিত্তিতে ৮৭ জনের মধ্যে ৭২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি ১৫ জন তৃণমূলের প্রস্তাবে মনোনয়ন পেয়েছেন। যেসব উপজেলায় স্থায়ী কমিটির পাঠানোর তালিকার সঙ্গে জরিপের মিল ছিল না, সেখানে জরিপ রিপোর্টকেই প্রাধান্য দেওয়া হয়।  আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে ।

ওবায়দুল কাদের নিজ নিজ এলাকায় গিয়ে চেয়ারম্যানদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হলেও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে। দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ এ দু’টি পদে মনোনয়ন দেবে না। এর ফলে ওই দুই পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সার্বিক শৃঙ্খলা ও সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপি যেহেতু নির্বাচনে আসছে না, সে কারণে নির্বাচনটা একটু জমজমাট হোক। প্রতিযোগিতা করে প্রার্থীরা নির্বাচিত হয়ে আসুক। বিভিন্ন ভাবে আমরা জানতে পেরেছি, বিএনপির অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভাল। বিএনপি দূর্বল হোক, সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই।’

মনোনয়ন পেলেন যারা

নৌকার মনোনয়নপ্রাপ্ত ৮৭ উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হলেন, পঞ্চগড়: সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. আমিরুল ইসলাম, তেঁতুলিয়ায় কাজী মাহামুদুর রহমান, দেবীগঞ্জে মো. হাসনাত্ জামান চৌধুরী (জর্জ), বোদায় মো. ফারুক আলম ও আটোয়ারিতে মো. তৌহিদুল ইসলাম। নীলফামারী: নীলফামারী সদরে শাহিদ মাহমুদ, ডোমারে তোফায়েল আহমেদ, ডিমলায় মো. তবিবুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা), সৈয়দপুরে মো.মোখছেদুল মোমিন, কিশোরগঞ্জে মো. জাকির হোসেন বাবুল ও জলঢাকায় মো. আনছার আলী (মিন্টু)। লালমনিরহাট: সদর উপেলায় নজরুল হক পটোয়ারী ভোলা, পাটগ্রামে রুহুল আমিন বাবুল, হাতীবান্ধায় লিয়াকত হোসেন, আদিতমারীতে রফিকুল আলম ও কালীগঞ্জে মাহবুবুজ্জামান আহমেদ। কুড়িগ্রাম: নাগেশ্বরীতে মোস্তফা জামান, উলিপুরে গোলাম হোসেন মন্টু, চিলমারীতে শওকত আলী সরকার, রৌমারীতে মজিবুর রহমান, ভুরুঙ্গামারীতে নুরুন্নবী চৌধুরী, রাজারহাটে আবু নুর মো. আক্তারুজ্জামান, ফুলবাড়ীতে আতাউর রহমান, রাজিবপুরে শফিউল আলম ও কুড়িগ্রাম সদরে আমান উদ্দিন আহমেদ। জয়পুরহাট: সদর উপজেলায় এস এম সোলায়মান আলী, পাঁচবিবিতে মনিরুল শহিদ, আক্কেলপুরে আব্দুস সালাম আকন্দ, কালাই উপজেলায় মিনফুজুর রহমান ও ক্ষেতলালে মোস্তাকিম মন্ডল। রাজশাহী: পবা উপজেলায় মুনসুর রহমান, তানোরে লুত্ফর হায়দার রশীদ, পুঠিয়ায় জি এম হিরা বাচ্চু, দূর্গাপুরে নজরুল ইসলাম, বাঘায় লায়েব উদ্দীন, গোদাগাড়ীতে জাহাঙ্গীর আলম, চারঘাট ফকরুল ইসলাম, মোহনপুরে আব্দুস সালাম ও বাগমারায় অনিল কুমার সরকার। নাটোর: সদরে শরিফুল ইসলাম রমজান, গুরুদাসপুরে জাহিদুল ইসলাম, বাগাতিপাড়া সেকেন্দার রহমান, সিংড়ায় শফিকুল ইসলাম, বড়াইগ্রামে সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও লালপুরে ইসাহাক আলী। সিরাজগঞ্জ: সদর উপজেলায় রিয়াজ উদ্দিন, চৌহালীতে ফারুক হোসেন, কাজীপুরে খলিলুর রহমান সিরাজী, রায়গঞ্জে ইমরুল হোসেন, উল্লাপাড়ায় শফিকুল ইসলাম, শাহজাদপুরে আজাদ রহমান, বেলকুচিতে আলী আকন্দ ও তাড়াশে সঞ্জিত কুমার কর্মকার।

হবিগঞ্জ: সদরে মশিউর রহমান শামীম, নবীগঞ্জে আলমগীর চৌধুরী, লাখাই উপজেলায় মুশফিউল আলম আজাদ, বাহুবলে আব্দুল হাই, মাধবপুরে আলহাজ আতিকুর রহমান, চুনারুঘাটে আব্দুল কাদির লস্কর, আজমিরীগঞ্জে মর্ত্তুজা হাসান, বানিয়াচং এ আবুল কাশেম চৌধুরী, সুনামগঞ্জ সদরে খায়রুল হুদা, জামালগঞ্জে ইউসুফ আল আজাদ, শাল্লায় চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, বিশ্বম্ভরপুরে রফিকুল ইসলাম তালুকদার, ধর্মপাশায় শামীম আহমেদ মুরাদ, ছাতকে ফজলুর রহমান, দোয়ারাবাজারে আব্দুর রহিম, দিরাই এ প্রদীপ রায়, তাহিরপুরে করুণা সিন্ধু চৌধুরী বাবলু ও দক্ষিণ সুনামগঞ্জে আবুল কালাম। জামালপুর: সদরে মোহাম্মদ আবুল হোসেন, বকশীগঞ্জের এ, কে, এম সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জের মো. আবুল কালাম আজাদ, মেলান্দহে মো. কামরুজ্জামান, মাদারগঞ্জে ওবায়দুর রহমান বেলাল, সরিষাবাড়ী মো. গিয়াস উদ্দিন পাঠান ও ইসলামপুরে এস. এম. জামাল আব্দুন নাছের। নেত্রকোণা: জেলার সদরে মো. তফসির উদ্দিন খান, খালিয়াজুরি গোলাম কিবরিয়ার জব্বার, দূর্গাপুরে মোহাম্মদ এমদাদুল হক খান, মোহনগঞ্জে মো. শহীদ ইকবাল, বারহাট্টায় মো. গোলাম রসুল তালুকদার, কলমাকান্দায় মো. আব্দুল খালেক, মদনে মো. হাবিবুর রহমান ও পূর্বধলায় জাহিদুল ইসলাম।