সিরাজগঞ্জে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৯

সিরাজগঞ্জে বিভিন্ন সড়কের বেইলি ব্রিজগুলো নড়বড়ে হয়ে পড়েছে। ৫০ বছর আগে তৈরি এসব ব্রিজ যেন মরণফাঁদ। স্থানীয়রা বলছেন, যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে ব্রিজগুলো ধসে পড়তে পারে। আর এতে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনাসহ প্রাণহানিও।

সিরাজগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগ-সূত্রের তথ্য বলছে, স্বাধীনতা যুদ্ধের সময়  হানাদার  বাহিনীর চলাচলে বাধা দেওয়ার উদ্দেশ্যে জেলার অধিকাংশ সড়কের সেতু ধ্বংস হয়ে গেছে। পরবর্তী সময়ে বিধ্বস্ত সেতুগুলো সরিয়ে অস্থায়ী ভিত্তিতে বেইলি ব্রিজ তৈরি করা হয়। এরপর কেটে গেছে দীর্ঘ ৫০ বছর। এই সময়ে বেইলি ব্রিজগুলো নড়বড়ে হয়ে পড়ে। যান চলাচল  ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বেইলি ব্রিজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করে  যানচলাচল সচল করা হলেও বেইলি ব্রিজগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তখন গুরুত্বপূর্ণ অনেক সড়কে যান চলাচল যায়। এতে দুর্ভোগে পড়ে এলাকাবাসী। এরপর স্থানীয়দের দাবির মুখে কিছু বেইলি ব্রিজ সরিয়ে সেখানে পাকা সেতু তৈরি করা হয়।

 

জেলার সিরাজগঞ্জ, রায়গঞ্জসহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এমন ১৩টি বেইলি সেতু রয়েছে। সব বেইলি ব্রিজই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্ষতিগ্রস্ত হওয়ায় জোড়াতালি দিয়ে যান চলাচল সচল রাখা হয়েছে। 

যেকোনো সময় ধসে পড়তে পারে। এসব বিপজ্জনক বেইলি সেতু জরুরি  ভিত্তিতে সরিয়ে  করে সেখান পাকা সেতু তৈরি করা প্রয়োজন। এখনো এই পরিকল্পনা অনিশ্চিত। কবে নাগাদ বেইলি সেতু সরিয়ে পাকা সেতু তৈরি হবে, তা অনিশ্চিত। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, নড়বড়ে  সেতুগুলো যেকোনো সময় ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন  হয়ে যেতে পারে। 

সিরাজগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, ‘সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এখনো ১৩টি বেইলি ব্রিজ আছে। বিচ্ছিন্নভাবে কোনো একটি বেইলি ব্রিজ সরিয়ে পাকা সেতু তৈরির সুযোগ নেই। তবে, কোনো সড়কের সম্প্রসারণ কাজ শুরু হলে বেইলি ব্রিজ থাকলে  সেগুলো তুলে নিয়ে সেখানে  পাকা সেতু তৈরি করা হয়।’

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কে ৫টি বেইলি ব্রিজ রয়েছে। এই সড়কের সম্প্রসারণ কাজ  এক বছরের মধ্যেই শুরু হবে।  এ সময় এই সড়কের সব বেইলি ব্রিজ সরিয়ে সেখানে পাকা সেতু তৈরি করা হবে।’

ইত্তেফাক/এনই