মির্জাপুরে দুর্ভোগের অপর নাম কুমুদিনী হাসপাতাল রোড

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৭

দুর্ভোগের অপর নাম টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল রোড সড়ক। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী রোগী, কুমুদিনী মেডিকেলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়।

কুমুদিনী উইমেনস মেডিকেলের শিক্ষার্থী সারা আক্তার বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেনস মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ, ভারতেশ্বরী হোমসসহ এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে। মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে কুমুদিনী হাসপাতাল রোডের প্রায় আধা কিলোমিটার পর্যন্ত পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। ফলে ওই সড়ক দিয়ে চলাচলাকারীদের দুর্ভোগ পোহাতে হয়।  

উপজেলা প্রশাসন, এলজিইডি, পৌরসভা এবং কুমুদিনী পরিবার রাস্তাটির উন্নয়নের জন্য কোন পদক্ষেপই নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তিন পক্ষের রশি টানাটানির ফলে কুমুদিনী হাসপাতাল রোডের ড্রেনেজ ব্যবস্থা না হওয়ায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতায় এলাকাবাসীর চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। 

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডির আবাসিক প্রকৌশলী মি. মৃদুল কান্তি বড়ুয়া অভিযোগ করেন, জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন, এলজিইডি, পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বার বার অনুরোধ করেই কোনো লাভ হয়নি। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আরিফুর রহমান জানান, রাস্তাটি পৌরসভা ও কুমুদিনী পরিবারের হওয়ায় এখানে বরাদ্দ দেওয়ার ক্ষমতা এলজিইডির নেই। এটির উন্নয়ন করতে হলে পৌরসভা এবং কুমুদিনী পরিবারকে উদ্যোগ নিতে হবে।

মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল  জানান, রাস্তাটির উন্নয়নের জন্য টাঙ্গাইল শহর উন্নয়ন প্রজেক্টে প্রকল্প দেওয়া হয়েছে। ইতিমধ্যে ড্রেন নির্মাণের জন্য সার্ভে করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ করা হবে।

 

ইত্তেফাক/ইউবি