শামছুদ্দীন আহমেদ
সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) আসন্ন উপজেলা নির্বাচনকে তেমন গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির স্থানীয় নেতাদের মধ্যে খুব একটা আগ্রহও দেখা যায়নি। ফলে দলীয় প্রতীকে হতে যাওয়া এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে কাউকে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে যাচাই-বাছাই করে মনোনয়ন দিতে জেলা ও উপজেলা কমিটিকে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা গতকাল শনিবার ইত্তেফাককে বলেন, উপজেলা নির্বাচনে আমাদের দল কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেবে না। কোথাও ভালো প্রার্থী থাকলে কিংবা কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে দেখেশুনে মনোনয়ন দিতে দলের স্থানীয় কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথম ধাপে আগামী ১০ মার্চ ৮৭টি উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাপা। তবে এতে তেমন সাড়া মেলেনি। বৃহস্পতিবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেওয়ার তারিখ ঘোষণা হলেও অল্প কয়েকজন সাক্ষাত্কার দিতে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আসেন। উদ্ভূত প্রেক্ষাপটে জাপা কেন্দ্রীয়ভাবে আর উপজেলা নির্বাচনে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এরশাদ আজ সংসদে যেতে পারেন
জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ আজ রবিবার সংসদে যোগ দিতে পারেন। চলতি একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি থেকে শুরু হলেও সিঙ্গাপুরে চিকিত্সাধীন থাকায় এবং দেশে ফেরার পরেও কাঙ্ক্ষিত সুস্থ না হওয়ায় সংসদের বৈঠকে যোগ দিতে পারেননি এরশাদ।
জাপা মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা ইত্তেফাককে বলেন, ‘আমরা স্যারকে রবিবার সংসদে নেওয়ার চেষ্টা করব। যদি শারীরিক অবস্থা বর্তমানের মতো স্থিতিশীল থাকে তাহলে তার সংসদে যোগদান মোটামুটি নিশ্চিত। আর যদি শারীরিক অবস্থা ভালো না থাকে সেক্ষেত্রে সংসদে যোগ দিতে আরও কয়েকদিন সময় নিতে পারেন।
সংরক্ষিত আসনে চারজনের নাম চূড়ান্ত
একাদশ সংসদে সংরক্ষিত মহিলা আসনে আনুপাতিক হারে চারটি আসন পাচ্ছে জাপা। এই চারটি আসনের জন্য জাপার প্রায় অর্ধশত নারী নেত্রী দলের মনোনয়ন ফরম সংগ্রহ, জমা ও মনোনয়ন বোর্ডে সাক্ষাত্কার দিয়েছেন। দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে মনোনয়ন বোর্ড এই সাক্ষাত্কার নিয়েছে। মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত তালিকা এরশাদের কাছে দেওয়া হয়েছে। জানা গেছে, এরশাদ চারজনের নাম চূড়ান্ত করেছেন। তবে কৌশলগত কারণে গতকাল পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হয়নি। আজকালের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে, কারণ সংরক্ষিত আসনে আগামীকাল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন। সিঙ্গাপুরে যাওয়ার আগে এরশাদ চারজনের নাম ঘোষণা করলেও পরে তা বাতিল করা হয়।
