অনুবাদ :ফজল হাসান
আরিয়ানা
মূল :দনিয়া গোবার
[আমার জন্মভূমিকে উত্সর্গীকৃত]
এমন দুঃখজনক মৌনতা...
শোকের এই তলাবিহীন ঘূর্ণিঝড়
ওহ... হাঁপিয়ে ওঠা বায়ুহীন ইন্দ্রিয়
এবং পুরনো শুকনো অশ্রুবিন্দু
এখনও জ্বালাপোড়া করছে,
চলমান
প্রিয় আরিয়ানার ধুলোময় ধ্বংসাবশেষের উপর
আমি কি তার তিক্ত হাসি শুনেছি?
আমি কি তার ফিসফিস শুনেছি?
‘আমি কখনোই চলে যাব না...
আমি কখনোই চলে যাব না...
আমি কখনোই যাব না...’
পাতার নিয়তি
মূল :কানবার আলি তাবেশ
মানুষ পাখি নয়
যে তীরে সে উড়ে যায়, সেখানে সে তার ঘর নির্মাণ করতে পারে।
একজন মানুষের আছে পাতার ভাগ্য।
একটি পাতা, যখন তার উঁচু শাখা থেকে ঝরে পড়ে,
তখন রাস্তায় পথচারীদের পায়ের তলায় পদদলিত হয়।
[দনিয়া গোবার :দনিয়া গোবারের জন্ম কাবুলে। বাবা, মীর গোলাম মোহাম্মদ গোবার আফগানিস্তানের একজন স্বনামধন্য বুদ্ধিজীবী ও লেখক। পেশাগতভাবে দনিয়া গোবার ডাক্তার হলেও কবি, গল্পকার, চিত্রশিল্পী এবং তুখোর বক্তা হিসেবে সুপরিচিত। কবিতার জন্য তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি অব পয়েটস্ থেকে ‘বেস্ট পয়েট অব দ্য ২০০০’ স্বীকৃতি লাভ করেন।
কানবার আলী তাবেশ : কানবার আলী তাবেশের জন্ম ১৯৬৯ সালে গজনির কাছে সাংশান্ডায়। সোভিয়েত ইউনিয়নের আক্রমণের পর তিনি ইরানে পালিয়ে যান এবং কোম শহরে বসতি স্থাপন করেন। তিনি পারস্য সাহিত্য এবং রাষ্ট্রবিজ্ঞানে বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইরানের আফগান শরণার্থীদের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক ও সাহিত্য পত্রিকার সম্পাদকীয় কমিটির সদস্য।
সূত্র :‘আরিয়ানা’ কবিতাটি ‘How2’ ওয়েব ম্যাগাজিনে ২০০২ সালের বসন্ত সংখ্যায় প্রকাশিত হয়। ‘পাতার নিয়তি’ কবিতাটি দারি ভাষা থেকে ইংরেজিতে তরজমা করেন জুজানা ওলসজেওস্কা এবং ২০১১ সালের মে সংখ্যায় ‘ওয়ার্ডস্ উইদআউট বর্ডার্স’ ম্যাগাজিনে প্রকাশিত হয়।]
