পাকুন্দিয়ায় প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৮

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জনসংযোগ ও মতবিনিময়ের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন পাকুন্দিয়ার সম্ভাব্য প্রার্থীরা। চতুর্থ ধাপে ৩১ মার্চে অনুষ্ঠিতব্য পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও বেশ জোরেশোরেই চলছে প্রচার-প্রচারণা। পোস্টার ছাপিয়ে ও গণসংযোগ করে উপজেলার সর্বত্রই চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। উঠান বৈঠক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তারা সরব প্রচারণায় ব্যস্ত।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের সরব উপস্থিতিতে হচ্ছে বিবাহ-মেজবান, খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। এ নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে উত্সাহ-উদ্দীপনা।

উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাতজন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। তারা হলেন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা শিল্পপতি আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিক, পাকুন্দিয়া মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. জসিম উদিদন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, হাজী জাফর আলী কলেজের প্রভাষক আওয়ামী লীগ নেতা আতাউর রহমান সোহেল। এছাড়াও ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রায় অর্ধশত প্রার্থীর নাম শোনা যাচ্ছে।