বিএনপির প্রায় অর্ধশত এমপি প্রার্থী কারাগারে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৫৭

আনোয়ার আলদীন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি পুরোদমে মাঠে নেমেছে। তারা এখন ব্যস্ত মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ, শরিকদলগুলোর সাথে আসন বন্টন ও নির্বাচনের কর্মকৌশল প্রণয়ন নিয়ে। আজ রবিবার থেকে প্রার্থী বাছাইয়ে দলের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন পেতে আগ্রহীদের সাক্ষাত্কার শুরু করবে। চলবে ২১ নভেম্বর অবধি।

তবে রাজনৈতিকভাবে প্রতিকূল পরিবেশে থাকা বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বহু নেতা এখন কারাগারে। এদের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ প্রায় অর্ধশত ‘এমপি প্রার্থী’ রয়েছেন। গত তিন দিনে মনোনয়ন প্রত্যাশী অন্তত এক ডজন নেতা আটক হয়েছেন। আত্মগোপনে এবং প্রবাসেও আছেন বেশ কয়েকজন প্রার্থী। কারাগার ও প্রবাসে থেকেই নির্বাচনে লড়তে চান তারা। তারা প্রতিনিধি মারফত মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন। যারা ধানের শীষ প্রতীক পাবেন তাদের পক্ষে মাঠে কাজ           করবেন তাদের পরিবারের সদস্য ও স্থানীয় নেতা-কর্মীরা। নেতাকর্মীদের ভাষ্য হলো-জাতীয় ও স্থানীয় পর্যায়ে এসব নেতার প্রভাব ও জনপ্রিয়তার কারণে দলে তাদের বিকল্প এখনো তৈরি হয়নি। আইনি জটিলতায় শেষ পর্যন্ত এসব নেতা নির্বাচনে অংশ নিতে না পারলে তাদের পরিবারের সদস্যরা তাদের হয়ে নির্বাচনের মাঠে থাকবেন। বেগম জিয়া ছাড়াও কারাবন্দি উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন: চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক মনিরুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়ার সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, লায়ন আসলাম চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, দলের শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, দলের প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, দলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ব্যবসায়ী মোবাশ্বের আলম ভূঁইয়া, চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে অধ্যাপক কুতুব উদ্দিন, চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলী প্রমুখ। এছাড়া জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা আ ন ম সামশুল ইসলাম ও শাহজাহান চৌধুরী কারাগারে। এছাড়া প্রবাসে থেকে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, ড. ওসমান ফারুক, সালাহউদ্দিন আহমেদ, এম এ কাইয়ুম, আ ন ম এহছানুল হক মিলন, মোফাজ্জল হোসেন কায়কোবাদ প্রমুখ নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আত্মগোপনে থেকে নির্বাচন করতে চান রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) আসন এর সালাহউদ্দীন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দলীয় প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরী প্রমুখ।

খালেদা জিয়ার পক্ষে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথমবার তিনি কারাগারে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছেন। যদিও তার প্রার্থিতার বৈধতা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। এসব বিষয়ে দলের মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল বলেন, এখনো মনে হচ্ছে গোটা দেশটাই একটা কারাগার। আমাদের নেত্রী জেলে। তিনি নির্বাচন করবেন। তাকে মুক্তি না দিলে নির্বাচন অর্থবহ হবে না। আমাদের বহু নেতা জেলে তারা নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। তাদেরকে মিথ্যা মামলায় জোর করে কারাগারে আটকে রাখা হয়েছে।

সাক্ষাত্কার আজ শুরু

প্রার্থী বাছাইয়ে মনোনয়ন প্রত্যাশীদের বিভাগওয়ারী সাক্ষাত্কার শুরু হবে আজ সকালে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাত্কার হবে। দলের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই এ বোর্ডের সদস্য। সূচি অনুযায়ী, আজ রবিবার সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং বেলা আড়াইটা থেকে রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার হবে।

এমপি হতে চান ৪ হাজার ৫৮০ জন

বিএনপি’র সমর্থন নিয়ে সংসদ সদস্য (এমপি) হতে চান ৪ হাজার ৫৮০ জন। গতকাল শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনয়ন ফরম বিক্রির চূড়ান্ত হিসাব তুলে ধরেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মোট ফরম বিক্রির খবর জানালেও কী পরিমাণ ফরম জমা পড়েছে সে সম্পর্কে কিছু বলেননি রুহুল কবির রিজভী।