চকরিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন ছয় প্রার্থী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০০

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছয় প্রার্থী। বুধ ও বৃহস্পতিবার দুইদিনে ঢাকায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা চেয়ারম্যান পদে লড়তে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও আওয়ামী লীগ নেতা নূরে হাবিব তসলিম।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম ছাড়া বাকি পাঁচজন এবারই প্রথম চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। রেজাউল করিম ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গিয়াস উদ্দিন চৌধুরী দীর্ঘ দুই যুগ ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের তিনবার চেয়ারম্যান ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। চকরিয়ায় দলের জন্য অনেক কষ্ট করেছি। তাই দলীয় সভানেত্রী শেখ হাসিনা যোগ্য মনে করে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দেবেন বলে আশা করছি।

আমিনুর রশিদ দুলাল বলেন, স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তিন যুগ ধরে দলের সাথে জড়িয়ে আছি। মূলত চকরিয়া উপজেলা পরিষদকে সত্যিকার অর্থে সেবামূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। দল থেকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ী হবো। আমি শতভাগ আশাবাদী, দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন।

জাহেদুুল ইসলাম লিটু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে দীর্ঘ দুই যুগ ধরে চকরিয়ার রাজপথে আছি। স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলের শীর্ষ পর্যায় থেকে এসব বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন বলে বিশ্বাস করি।

ফজলুল করিম সাঈদী বলেন, দেল থেকে কখনো বিচ্যুত হয়নি। সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। দলের জন্য বারবার জেল-জুলুমের শিকার হয়েছি। তাই এবার দল থেকে মনোনয়ন দেবে বলে আশা করছি।