মেঘনায় চেয়ারম্যান পদে সম্ভাব্য তিন প্রার্থী মাঠে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০০
কুমিল্লা প্রতিনিধি দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলায় চেয়ারম্যান পদে সম্ভাব্য তিন প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডজনাধিক প্রার্থী গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের কাউকে মাঠে দেখা না গেলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রত্যাশায় স্থানীয় এমপিসহ দলের হাইকমান্ডে জোর লবিং অব্যাহত রেখেছেন। স্থানীয়ভাবে ও দলীয় সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী মেঘনা উপজেলা আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে বিশেষ বর্ধিত সভা করে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর নাম কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নিকট প্রেরণ করে। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ রতন শিকদার, বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ। এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে মেঘনা উপজেলার আটটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও নানাভাবে প্রচার-প্রচারণায় বইছে উত্সবের আমেজ।