জামালপুরে কৃষিজমি ও বসতভিটা রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০২

জামালপুর প্রতিনিধি ও মেলান্দহ সংবাদদাতা

কৃষিজমি ও বসতভিটা অধিগ্রহণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মেলান্দহের ৫ গ্রামের হাজার হাজার মানুষ। শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে কৃষিজমি ও বসতভিটা অধিগ্রহণের প্রতিবাদে জমি রক্ষার দাবিতে বিক্ষুব্ধ গ্রামবাসী শনিবার উপজেলার পূর্ব বাগাডোবা প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করে। শিক্ষক সুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গোলাম কিবরিয়া, ফেরদৌস আলম, সাধু মোল্লা, লিয়াকত আলী,আব্দুল মজিদ,আমজাদ হোসেন ও নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের এলাকার কৃষিজমি,বসতভিটা, গোরস্থান ও স্কুলসহ নানা প্রতিষ্ঠান উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিপক্ষে না, তবে অন্যত্র খোলা জায়গায় হোক প্রতিষ্ঠানটি। অধিগ্রহণকৃত ৫০০ একর জমিতে ৫ গ্রামের হাজার হাজার মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এই বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ হলে এসব মানুষ কর্মহীন ও আশ্রয়হীন হয়ে পড়বে। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

৫ গ্রামের হাজার হাজার নারী-পুরুষ প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

 

 

জামালপুর:কৃষিজমি ও বসতভিটা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন     —ইত্তেফাক