সংরক্ষিত নারী আসনে কুমিল্লা থেকে মনোনয়ন পেলেন আরমা দত্ত ও সীমা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৪

কুমিল্লা প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে কুমিল্লা জেলায় আওয়ামী লীগ থেকে দুইজনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন প্রাপ্তরা হচ্ছেন, পাকিস্তান গণপরিষদের সদস্য ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে শহীদ বাংলা ভাষার অন্যতম রুপকার ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি, স্মাইলিং প্রজেক্টের প্রকল্প পরিচালক ও প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক আরমা দত্ত এবং কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটের মেয়ে ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা।

১৯৫০ সালের ২০ জুলাই কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্র নাথ সড়কের বাড়িতে মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী এবং বেগম রোকেয়া পদক প্রাপ্ত আরমা দত্তের জন্ম। বাবা সঞ্জীব দত্ত ছিলেন পাকিস্তান অবজারভার পত্রিকার সাংবাদিক। মা প্রতীতি দেবী বিখ্যাত চিত্রপরিচালক ঋত্তিক ঘটকের যমজ বোন। আরমা দত্ত ১৯৬৬ সালে কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৮ সালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেন। ১৯৭৪ সালে একই বিভাগে শিক্ষকতার চাকরিতে যোগ দেন। নারী জাগরণে অবদানের কারণে ২০১৬ সালে তিনি বেগম রোকেয়া পদক লাভ করেন।  

কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা ২০০০-২০০১ শিক্ষা বর্ষে স্নাতক ডিগ্রি অর্জন করেন।  সীমা টানা ১৬ বছর কুমিল্লা পৌরসভা ও সিটি করপোরেশনের কাউন্সিলর এবং প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সীমা নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নেন। জেলা আওয়ামী লীগের সদস্য এবং বর্তমানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা ব্যক্তিগত জীবনে ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী।