অব্যাহত রয়েছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ী, সড়ক ও গাছপালা। এদিকে চরপাচুড়িয়া এলাকার রাস্তা ভেঙে নদীর পানি ফসলি মাঠে প্রবেশ করায় নষ্ট হয়েছে মাঠের ফসল।
এলাকাবাসী জানান, নদী ভাঙনে মহম্মদপুর সদর ইউনিয়নের চরপাচুড়িয়া, গোপালনগর, ভোলানাথপুর, কাশিপুর, রায়পাশা, রুইজানি, পাচুড়িয়া প্রভৃতি গ্রামের বহু বাড়ি-ঘর বিলীন হয়ে গেছে। চরপাচুড়িয়া গ্রামে সড়কের কিছু অংশ ভেঙে যাওয়ায় ডুবে গেছে বেশ কয়েকটি সংযোগ সড়ক। এর ফলে ব্যাহত হচ্ছে যানচলাচল। এদিকে নদীর পানি ফসলি মাঠে প্রবেশ করায় বহু এলাকার ফসল নষ্ট হয়ে গেছে।
চরপাচুড়িয়া গ্রামের আহম্মদউল্লাহ জানান, সড়কটি নদীতে ভেঙে যাওযায় গ্রামবাসীর যাতায়াতে বিঘ্ন ঘটছে। পানিতে নষ্ট হচ্ছে মাঠের ফসল, ভেঙে পড়ছে বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে চরপাচুড়িয়া গ্রামের সড়কটি রক্ষার চেষ্টা করা হলেও পানিতে তা তলিয়ে গেছে। এলাকাবাসী ভাঙ্গরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে।

এ বিষয়ে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বিরেন শিকদার জানান, মধুমতি নদীতে মহম্মদপুর সদর ইউনিয়নের চরপাচুড়িয়া, গোপালনগর, ভোলানাথপুর, কাশিপুর, রায়পাশা, রুইজানি, পাচুড়িয়া প্রভৃতি গ্রামে নদী ভাঙন শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে ভাঙনরোধে পান্নি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা চালানো হয়েছে। এতে ভাঙ্গন কিছুটা কমেছে। বর্ষাকাল গেলে নদীতে স্থায়ীভাবে ব্লক ফেলার ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/জেডএইচডি
