নির্বাচন কর্মকর্তা কারোর বিরুদ্ধে যদি কোনো রকমের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায়, সেটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেছেন, আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। কর্মকর্তাদের দল-মত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
গতকাল শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ভোট নিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ও ইএমএস, সিআইএমএস ও আরএমএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
অনুষ্ঠানে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, এই নির্বাচন ও সকল নির্বাচনের জন্য নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তাই করবে। একটা সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। যা দেশকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, যেহেতু এবারের নির্বাচনে সব দল অংশ নিচ্ছে তাই এই নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এই নির্বাচন সুষ্ঠু করার জন্য সব প্রার্থী যেন সমান সুযোগ পায় সেটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। শাহাদাত হোসেন বলেন, সারা দেশবাসীর সাথে বিশ্বের প্রতিটা দেশ তাকিয়ে আছে সামনের নির্বাচনের দিকে। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক।
