ভাণ্ডারিয়ায় বন বিভাগের উদ্যোগে জলবায়ু ট্রাস্টের বৃক্ষ রোপণ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০৫:২২

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বন বিভাগ। জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে অধিদপ্তরের উদ্যোগে 'জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী চারা উত্তোলনের তৃতীয় পর্যায়' শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় লাগোয়া ভাণ্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর খালের পাড় থেকে শুরু করে পৌর শহরের বাঁশের পোল এলাকা পর্যন্ত সোনালু, কৃষ্ণচূড়া, অর্জুন, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। 

পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপির জন্য বরাদ্দ পাঁচ হাজার গাছের চারার মধ্যে ভাণ্ডারিয়া পৌরসভায় দুই হাজার পাঁচশ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা বন-কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার, জেপি নেতা মো. সেন্টু মোল্লা, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ। 

ইত্তেফাক/জেডএইচডি