করোনায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় পটুয়াখালীর দশমিনায় স্কুলে-স্কুলে চলছে শিক্ষার্থী বরণের প্রস্তুতি। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বইছে যেন ঈদের আনন্দ।
জানা যায়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণার পর থেকে দশমিনা উপজেলায় ১৪৫টি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক ও ইবতেদায়ী মাদ্রাসাসহ প্রায় ৪০টি বিদ্যালয়ের শ্রেণী কক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছে প্রতিষ্ঠানের শিক্ষকরা। কোন কোন স্কুলে শিক্ষার্থীদেরও কাজ করতে দেখা যায় অতি আনন্দে। তাদের মধ্যে দেখা যায় ঈদের আনন্দ। সরেজমিনে ঘুরে একাধিক বিদ্যালয়ে দেখা যায় এমন চিত্র।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, উপজেলার মধ্যে ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শ্রেণী কক্ষ পাঠদানের উপযোগী করা হয়েছে। আশাকরি বিদ্যালয় খোলার পূর্বেই সকল প্রতিষ্ঠান পাঠদানের উপযোগী করে তোলা হবে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, আমাদের উপজেলার প্রায় সব কয়টি বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। ১২ তারিখের আগেই শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী হয়ে যাবে।
ইত্তেফাক/এমআর
