বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে: ওবায়দুল কাদের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩২

জনগণের কাছে বিএনপি কখনো বাংলাদেশ নালিশ পার্টি, কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন সড়ক পবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে।’ 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

‘রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের এমন বক্তব্য শুনে মনে হয়, তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে। এ সব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন।’ তিনি বলেন,  ‘নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক-অন্তঃসারশূন্য বাক্য-চর্চা বিএনপির পুরনো অভ্যাস। বিএনপি যে অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে, তাতে তারা ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে।’

স্বাধীন বিচার বিভাগকে বিএনপি হেয় করছে: কাদের 

ছবি: সংগৃহীত

সেতুমন্ত্রী বলেন, ‘জনগণের প্রশ্ন বিএনপি কি এখন বিএনপি আছে? সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সঙ্গে সখ্য করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে। অন্ধ সমালোচনা আর বিষোদগার রাজনীতি ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত করছে।’ তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা যত কথাই বলুন না কেন, জন প্রত্যাশা থেকে ছিটকে পড়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা পেতে মরিয়া বিএনপির নেতা-কর্মীরা এখন গণহতাশায় ভুগছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছে যাওয়ায় তারা আওয়ামী লীগকে দেউলিয়া হয়ে গেছে বলে যে দিবাস্বপ্ন দেখছে, তা তাদের ভাবনায় জন প্রত্যাখ্যান থেকে সৃষ্ট প্রলাপ মাত্র।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোন ভূঁইফোড় সংগঠন নয় যে,কারও যোগসাজশে দেশ চালাতে হবে।’ শেখ হাসিনা জনমানুষের আস্থা ও সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। সূত্র: বাসস

ইত্তেফাক/এনই