পিরোজপুরের নাজিরপুর উপজেলার চর রঘুনাথপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সিকদার ও তার চাচাত বোন মোসা. পারভীন বেগমের জমি দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
একই এলাকার তোরাব আলীর পুত্র হাবিবুর রহমান ফকিরের বিরুদ্ধে জোরপূর্বক রাতের আঁধারে এ ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
আব্দুর রহমান সিকদার জানান, জমি রাস্তা সংলগ্ন এবং মূল্যবান হওয়ায় অসৎভাবে লাভবান হতে হাবিবুর রহমান ফকির রাতের আঁধারে পাকা ভবন নির্মাণ করে।
মোসা. পারভীন বেগম জানায়, উপজেলার ৫২ নং রঘুনাথপুর মৌজার এসএ ৮১০ নং খতিয়ানের ২১৪ নং দাগের জমিতে আমার দাদা আজিজ সিকদার ও ফাতেমা বেগমের কবর স্থান রয়েছে। দীর্ঘ ৬০-৭০ বছর ধরে জায়গাটি আমরা ভোগদখল করে আসছি। হঠাৎ আমাদের অনুপস্থিতিতে রাতের আঁধারে হাবিবুর রহমান ফকির তার লোকজন নিয়ে তড়িঘড়ি করে জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করে। আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা কমান্ড কাউন্সিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হই। কোন সুরাহা না পেয়ে গত ২৩ আগস্ট পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি।’
তিনি বলেন, ‘আদালতের নির্দেশে নাজিরপুর থানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে সম্পত্তিতে ঘরবাড়ি তৈরি করতে নিষেধ করার সত্ত্বেও হাবিবুর রহমান ফকির রাতের আঁধারে ভবনের বাকী কাজ করার পাঁয়তারা চালাচ্ছে।’
বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত রয়েছেন বলে জানান তিনি।
বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত হাবিবুর রহমান ফকির জানান, ‘জমিটি আমি এলাকার মাফুজুর রহমান সিকদার (টিটু) ও রুহুল সিকদারের নিকট থেকে কিনেছি।’
ইত্তেফাক/এএএম
