নিখোঁজের ২ দিন পর মাঝির মরদেহ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৭

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের দুই দিন পরে মো: সামসুল হক হাওলাদার (৫৫) নামে এক মাঝির মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী ব্যাপারীপাড়া এলাকার খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

সামসুল হক উপজেলার দক্ষিণ বড়ইয়া (কলাকোপা) এলাকার মৃত সৈজদ্দীন হাওলাদারের ছেলে। মৃতের বড় ছেলে রাজিব হাওলাদার ও ভাইয়ের ছেলে আব্দুস ছালাম হাওলাদার লাশ শনাক্ত করেছেন।

জানা গেছে, বুধবার দুপুরে জাঙ্গালিয়া নদীতে নিখোঁজ হয়েছিলেন তিনি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারে ব্যর্থ হয়। নিখোঁজের দুই দিন পরে শুক্রবার সকালে পুটিয়াখালীর ব্যাপারীপাড়া এলাকার খালে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, সামসুল হকের পরিবার তার লাশ শনাক্ত করেছে। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসজেড