দেলদুয়ারে প্রতিবন্ধী যুবক খুন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭

টাঙ্গাইলের দেলদুয়ারে এক প্রতিবন্ধী যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মুন্না (১৬) সে মানসিক প্রতিবন্ধী। তার পিতা রবিউল ইসলাম। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে দেলদুয়ার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মুন্না গত ৩ দিন ধরে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে অর্ধ গলিত লাশ ভেসে উঠে। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ২ টি সিমেন্টের খুঁটির সাথে লাশ বেঁধে পানিতে ডুবিয়ে  রাখে ঘাতকরা। কিন্তু পচে ফুলে যাওয়ায় খুঁটিসহ লাশ ভেসে উঠে। এদিকে ছেলেটি নিখোঁজের পর থানায় কোনো জিডি বা জানানো হয়নি। এমনকি লাশ উদ্ধারের পরও তার পরিবার কোনো মামলা করতে আগ্রহী না হওয়ায় পুলিশ অপমৃত্যু মামলা করেছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা এস আই সেলিম হোসেন।  

তিনি বলেন, পরিবার মামলা করতে রাজী না হওয়ায় বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম