অগ্রিম আয়কর ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন করা হচ্ছে না ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯

 সুশীল মালাকার

 

সরকারের গৃহীত অর্থ আইন ২০২০ অনুসারে অগ্রিম আয়কর প্রদান করা ছাড়া পৌর ট্রেড লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। ফলে আয়করের আওতায় পড়ে না এমন সব ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

আয়কর বিভাগ সূত্রে জানা গেছে ট্রেড লাইসেন্সধারীকে লাইসেন্স নবায়নের জন্য অর্থ আইন ২০২০ অনুসারে অগ্রিম আয়কর প্রদান করতে হবে। সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নবায়নের জন্য ৩ হাজার টাকা অগ্রিম আয়কর, বিভাগীয় শহরের ব্যবসায়ীদের জন্য ২ হাজার, জেলা ও উপজেলা পর্যায়ে যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা অগ্রিম আয়কর হিসাবে সংশ্লিষ্ট এলাকার সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় চালান মারফত এ অর্থ বাধ্যতামূলক জমা দিতে হবে।

এ প্রসঙ্গে ট্রেড লাইসেন্সধারী ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, আমরা সারা বছর ব্যবসা করে যা আয় করি তাতে আমাদের মতো অধিকাংশ ব্যবসায়ী আয়করের আওতায় পড়ি না। এছাড়াও চলতি বাজেটে বর্তমান সরকার আয়কর ছাড়ের ক্ষেত্র ৩ লাখ টাকায় উন্নীত করেছেন। অন্যদিকে করোনার কারণে আমাদের ব্যবসার অবস্থা অত্যন্ত করুণ । এ অবস্থায় অগ্রিম আয়কর প্রদান মড়ার ওপড় খাঁড়ার ঘা। এ ব্যাপারে তারা সরকারের সদয় পদক্ষেপ গ্রহণের দৃষ্টি আকর্ষণ করছেন।

এ ব্যাপারে শেরপুরের বিশিষ্ট আয়কর আইনজীবী সেরাজুল করিম পনির জানান, অগ্রিম প্রদত্ত আয়কর পরবর্তী সময়ে আয়কর বিভাগ আয়কর দাতার ওপর ধার্যকৃত আয়কর থেকে বাদ দেবে। কিন্তু যারা আয়করের আওতায় আসবেন না তারা কীভাবে অগ্রিম জমা দেওয়া টাকা ফেরত পাবেন? সে সস্পর্কে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

অপরদিকে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়ার সঙ্গে এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি নির্দেশ অনুসারে ব্যাংকে অগ্রিম আয়কর জমা দেওয়ার চালান পত্র দেখানোর পরই ট্রেড লাইসেন্স নবায়ন করা হচ্ছে।