বরগুনার পাথরঘাটায় ভূগর্ভস্থ নিরাপদ পানির অনুসন্ধান করতে গিয়ে লেয়ার গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
পানিসম্পদ অধিদপ্তর থেকে আসা হাইড্রোজিওলজিস্ট মোহাম্মদ ফুয়াদ দৈনিক ইত্তেফাককে জানান, গত তিন দিন ধরে তারা মাটির নিচের ১ হাজার ফিট পাইপ প্রবেশ করিয়ে নিরাপদ পানির অনুসন্ধান চালান। হঠাত্ করে শুক্রবার জুমার নামাজের পর মাটির ভেতরে বিস্ফোরণ হয়ে প্রায় ৩০ থেকে ৪০ ফিট ওপরে মাটি উঠে যাচ্ছে।
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে ১ কিলোমিটার এলাকা জুড়ে মাটির কম্পন তৈরির পাশাপাশি এলাকায় বিভিন্ন পুকুর থেকেও বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে।
পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পর থেকেই আমরা এখানে অবস্থান করছি। লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে এলাকায় মাইকিং করা হয়েছে।
