গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা তুলে তা আত্মসাত্ করার অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বরিশাল ব্রাঞ্চ ইনচার্জসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মসুম বিল্লাহ মামলাটি আমলে নিয়ে উপ-পরিদর্শক সমমর্যাদা সম্পন্ন কোনো গোয়েন্দা পুলিশের মাধ্যমে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন্য মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনারকে আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে বরিশাল অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা ও তিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম খান।
মামলার বিবাদীরা হলেন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বরিশালের ব্রাঞ্চ ইনচার্জ সাইফুর রহমান সরদার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ফয়সাল আলম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শাহ মো. অসিউদ্দিন।
মামলায় উল্লেখ করা হয়, ২০২০ সালের ৬ অক্টোবর প্রিমিয়ার ব্যাংক বরিশাল শাখায় বাদীর অ্যাকাউন্টে ১৪ লাখ টাকা জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে ব্যালেন্স অনুসন্ধানে গিয়ে অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় বাদী মনিরুল বিবাদীদের কাছে বিষয়টি জিজ্ঞাসা করলে তারা কোনো উত্তর না দিয়ে টালবাহানা করতে থাকে। এরপর চলতি বছরের ১৪ জুন বাদী নিয়োজিত আইনজীবীর মাধ্যমে বিবাদীদের লিগ্যাল নোটিশ করে ২০২০ সালের ৬ অক্টোবর ব্যাংকে জমা দেওয়া ১৪ লাখ টাকা অ্যাকাউন্টে জমা না হওয়ার কারণ জানতে চায়। পরে বিবাদীরা তাদের নিয়োজিত আইনজীবীর মাধ্যমে জবাব দেয় যে, বাদীর নোটিশের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত এবং বাদীর ১৪ লাখ টাকা ভুলক্রমে ক্রেডিট হওয়ায় তা ভাউচারের মাধ্যমে উত্তোলন করা হয়েছে। বিবাদীদের এই জবাবের পর বাদী ব্যাংক অ্যাকাউন্টের হিসাব বিবরণী উত্তোলনের পর দেখতে পান যে বাদীর অ্যাকাউন্টের চেকের বরাতে বাদীর স্বাক্ষর, টাকার পরিমাণ ও বাহকের নাম জাল করে বাদীর অ্যাকাউন্ট থেকে ১৪ লাখ টাকা উত্তোলন করে তা ভাগাভাগি করে নেয় বিবাদীরা।
বরিশাল বিভাগে তিন দিন
করোনায় মৃত্যু ‘নেই’!
বরিশাল বিভাগে গতকাল শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। এ নিয়ে পর পর তিন দিন বিভাগটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৪৭ জন, এর মধ্যে বরিশালে সর্বোচ্চ ১৭ জন এবং ঝালকাঠিতে সর্বনিম্ন একজন রয়েছেন।
আর শুক্রবার নতুন শনাক্ত ৪৭ জন নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৪৮৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪১ হাজার ২৯৯ জন সুস্থ হয়েছেন এবং ৬৬৮ জন মারা গেছেন।
দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বরিশাল নদী বন্দরে নোঙর করা এমভি সুরভী-৯ লঞ্চে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মানিক মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মানিক মোল্লা বরিশাল সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড পলাশপুর বউ বাজার এলাকার মৃত রশিদ মোল্লার ছেলে। ডিবি পুলিশের এএসআই ফারুক জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুরভী-৯ লঞ্চের তৃতীয় তলার ৩৫৬ নম্বর কেবিনে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মানিককে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে কোতোয়ালি মডেল থানায় তাকে সোপর্দ করা হয়েছে। মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো পাঁচটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলেও জানান এএসআই ফারুক।
