আমিনবাজারের বেইলি ব্রিজ ভেঙে পড়ায় নৌ চলাচল বন্ধ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর গাবতলী ও সাভারের আমিনবাজারের মধ্যে সংযোগ স্থাপনকারী পুরাতন লোহার বেইলি ব্রিজটি নদীতে ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্রিজটি বৃহস্পতিবার দুপুরে হঠাত্ ভেঙে পড়লেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপর থেকে তুরাগ নদীর ঐ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।  ব্রিজটি ভেঙে পড়ার পর বিকালে বিআইডব্লিউটিএ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের জানানো যাচ্ছে যে, আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরাতন লোহার বেইলি ব্রিজ নদীতে ভেঙে পড়ায় নৌপথটি নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই নিরাপদে নৌ চলাচলের স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজটি নৌপথ থেকে অপসারণ না করা পর্যন্ত আপাতত নৌ চলাচল বন্ধ থাকবে।