বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলামকে (৫০) গত শুক্রবার রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। বাড়ির পাশে ধান ক্ষেতে গতকাল শনিবার তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুল ইসলাম শাহীন ও কাহালুর রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত নজরুল মন্দিরপুকুর গ্রামের সখিন উদ্দীন সরদারের ছেলে। জানা গেছে, নজরুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে চাঁপাপুর বাজারে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। গতকাল সকালে বাড়ির পাশে ধান ক্ষেতের মধ্যে গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম মনির বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শাহীন ও রবিউলকে আটক করা হয়েছে। নিহত নজরুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে থানায় দুটি মাদক মামলা রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা অথবা মাদক ব্যবসার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
