মির্জাপুরে বিএনপি নেতা ফিরোজ
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে চেয়ারম্যান পদে বিএনপি নেতা ফিরোজ হায়দার খান স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেওয়ায় মির্জাপুরে ভোটের হিসেব নিকেশ পাল্টাতে শুরু হয়েছে। এতে বিএনপির কর্মী, সমর্থক ও নেতারাও বেশ উজ্জীবিত বলে জানা গেছে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন এলাকায় বিল বোর্ড, পোস্টার ও ব্যানারে ছেয়ে ফেলেছেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন বলে মো. ফিরোজ হায়দার খান জানিয়েছেন। ফিরোজ হায়দার খান টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, জেলা বিএনপির সাবেক সদস্য, উপজেলা বিএনপির সহ সভাপতি ও জাসাসের কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ছিলেন। ফিরোজ হায়দার খান জানান, বিএনপি নির্বাচনে প্রার্থী দেবে না বলে দলীয় সুত্র নিশ্চিত করেছে। তাই মির্জাপুরের সর্বস্তরের জনগণের অনুরোধে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।
বালিয়াকান্দিতে কম্বল বিতরণ
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দি জাগরণী চক্র ফাউন্ডেশন ফরিদপুর জোন, রাজবাড়ী এরিয়ার বালিয়াকান্দি শাখার উদ্যোগে সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বালিয়াকান্দি জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যালয়ে ৫শত সদস্যদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার স.ম শহীদ হায়দার। এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ খাইরুল ইসলাম, বালিয়াকান্দি শাখা ব্যবস্থাপক মোঃ মশিয়ার রহমান ।
ধামরাইয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাইয়ে আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমিন মডেল টাউন শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আ.লীগ ও বায়রার সভাপতি ঢাকা-২০ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাইশা কান্দার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুক্তা প্রমুখ।
সাংবাদিক সেলিম রেজার রোগমুক্তি
কামনায় দোয়া মোনাজাত
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ওয়াসিম ভূঞা সেলিম রেজার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। সেলিমের পারিবারিক সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারি সেলিম রেজা হঠাত্ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা হাসপাতালে নিলে সেখানের চিকিত্সকেরা তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হতে বলেন। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ডায়াবেটিক, কিডনি, লাঞ্চে পানি জমা ও হার্টে সমস্যার কথা জানান চিকিত্সকেরা। সেলিমের আশু রোগ মুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় জজশীপের আয়োজনে শনিবার বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাদিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইলতুিমশ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জজকোর্টের পিপি তপন কুমার দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, সাধারণ সম্পাদক আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, সিনিয়র আইনজীবী আলাউদ্দিন আহম্মেদ, গোলাম মোস্তফা প্রমুখ।
মাদারীপুরে স. ক. কল্যাণ সমিতির
এজিএম ও সম্মাননা প্রদান
মাদারীপুর প্রতিনিধি বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল্লাহ হারুন পাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমিতির মহাসচিব মোঃ আবদুল কাইউম ঠাকুর, কোষাধ্যক্ষ এ.কে. শামসুল হক ও পরিচালক ওয়াহিদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির মাদারীপুর জেলা শাখা সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রউফ, অধ্যাপক মনোয়ার হোসেন প্রমুখ।
আক্কেলপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা আক্কেলপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার দ্বি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ওমপ্রকাশ আগরওয়ালা,সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আতিউর রাব্বী তিয়াস। কমিটির অন্য সদস্যগণের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি মো. নুরুন্নবী আরিফ, সহ-সম্পাদক শাহ আলম মেট্রন। নির্বাচন পরিচালনা করেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল, আলোকিত সীমান্তর স্টাফ রিপোর্টার ইমদাদুল হক খোকন ও ডেসটিনির প্রতিনিধি ইয়াকুব আলী আকন্দ।
রাজশাহীতে ডায়মন্ড ওয়ার্ল্ডের নতুন শাখা উদ্বোধন
স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা নিউমার্কেট এলাকায় অবস্থিত ‘থিম ওমর প্লাজায়’ ‘ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডে’র ২০তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার এর উদ্বোধন করেন রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সদর তানভীর হায়দার চৌধুরী, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নাঙ্গলকোট সরকারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সাংবাদিক ফরিদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌরসভা মেয়র আবদুল মালেক, কুমিল্লা শিক্ষাবোর্ড উপ-সচিব একেএম সাহাব উদ্দিন, জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসূফ ভুঁইয়া। এতে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ নুরুল্লা মজুমদার, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন প্রমুখ।
পীরগঞ্জে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পীরগঞ্জ উপজেলা শাখার চতুর্থ সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়। জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে বঙ্গবন্ধুর মোড়ালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শোভাযাত্রা বের করা হয়। উপজেলা উদীচী’র সভাপতি ফরিদা বিজলীর সভাপতিত্বে দিনব্যাপী এ সম্মেলনে বক্তব্য রাখেন উদীচী’র ঠাকুরগাঁও জেলা সহ-সভাপতি কমল কুমার রায় ও সম্পাদক অমল টিক্কু, পীরগঞ্জ উদীচীর সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ ও নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল, অঙ্গিকার নাট্য নিকেতনের গৌতম দাস বাবলু প্রমুখ। বিকেলে কাউন্সিল অধিবেশনে ফরিদা বিজলীকে সভাপতি ও নিরঞ্জন রায়কে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
নোয়াখালী পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী পৌরসভার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭৯ জন মেধাবী শিক্ষার্থীকে শনিবার আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। নোয়াখালী পৌরসভার আয়োজনে ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় পৌর মেয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র শহিদ উল্যাহ খাঁন। বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন শেখ, পৌর কাউন্সিলর জাহেদুর রহমান শামীম, মো. ফখরুদ্দিন মাহমুদ, পৌর কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহান আক্তার বেগম, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মমিনুল হক ও অভিভাবক মো. ফারুক। এতে ২ লাখ ৪১ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
