ইত্তেফাক রিপোর্ট
বিশ্বব্যাংকের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড ম্যালপাসের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির সংবাদ অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন, ম্যালপাস বিশ্বব্যাংকের অর্থের প্রাজ্ঞ ও কার্যকর ব্যবহার করতে পারবেন। তিনিই মার্কিনদের স্বার্থ ও মান রক্ষা করতে পারবেন। ডেভিড ম্যালপাসকে সবাই বিশ্বব্যাংকের সমালোচক হিসেবেই জানেন, এজন্য তার মনোনয়ন নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্বব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এবং ব্যাংকটির তহবিলের প্রধান উত্স হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ব্যাংকটির প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকেই এ ধারা অব্যাহত রয়েছে। ১৮৯টি সদস্য দেশ নিয়ে গঠিত বিশ্বব্যাংক আগামী ১৪ মার্চ পর্যন্ত সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের নাম গ্রহণ করবে এবং প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে। ধারণা করা হচ্ছে, ব্যাংকটির নির্বাহী পর্ষদ এপ্রিলে তাদের বৈঠকের আগেই ভোট প্রদান করবেন।
