নেত্রকোনায় জাপা নেতার তথ্য প্রযুক্তি আইন মামলায় গ্রেফতার ১

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭

নেত্রকোনার পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের বিরুদ্ধে ফেইসবুকে ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্ট দেওয়ার অভিযোগে জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গোজাখালীকান্দা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা গ্রামের শমেস আলী মিস্ত্রীর ছেলে।

এর আগে গত ২৪ আগস্ট জাপা নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ বাদী হয়ে জসিম উদ্দিনকে আসামি করে তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে পূর্বধলা থানায় মামলাটি করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জসিম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে
পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট পোস্ট দিয়েছিলো। যার ফলে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/বিএএফ