ইত্তেফাক রিপোর্ট
পরিবহন খরচ প্রায় দ্বিগুণ হওয়ায় বিসিআইসি’র সার ডিলারদের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতারা। একই সঙ্গে তারা বিএডিসির মাধ্যমে আমদানিকৃত নন-ইউরিয়াসহ সব ধরনের সার বিসিআইসি ডিলারদের মাধ্যমে বিতরণের দাবি জানান।
বিএফএ এর ২৫তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গতকাল এ দাবি জানানো হয়। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এ সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিল্প সচিব মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন। সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, চাষি পর্যায়ে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। দেশের সর্ববৃহত্ এ সার কারখানায় বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার উত্পাদন হবে। সময়মতো সারের চাহিদা মেটাতে দ্রুততার সঙ্গে এ প্রকল্পের কাজ শেষ করা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে এ ব্যবসা পরিচালনার জন্য বিএফএ’র সদস্যদের প্রতি আহ্বান জানান।
