ভেনিজুয়েলার সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। মার্কিন প্রশাসন শিগগিরই ভেনিজুয়েলার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আদালত।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, যোগাযোগ হওয়া মাদুরোপন্থি সেনা কর্মকর্তাদের পক্ষ ত্যাগ করে ওয়াশিংটন বিরোধী দলীয় নেতা গুইদোকে ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এ আহ্বান আদতে কতটুকু কাজে আসবে, তা নিয়ে অবশ্য সংশয় প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। সরকার ও বিরোধীদের মুখোমুখি অবস্থানের মধ্যে ভেনিজুয়েলার সেনাবাহিনীর প্রায় দুই হাজার জেনারেলের মধ্যে এখন পর্যন্ত মাত্র একজন জেনারেল গুইদো শিবিরে নাম লিখিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমাদের বিশ্বাস বড় বড় পাথরই পাহাড় থেকে গড়িয়ে পড়বে, এ জন্যই কিছু নুড়ি সরেছে। আমরা এখনো সাবেক হয়ে যাওয়া মাদুরো শাসনব্যবস্থার সদস্য, সেনা সদস্যদের সঙ্গে কথা বলছি। যদিও এই কথোপকথন হয়েছে একেবারেই সীমিত পর্যায়ে।’ ভেনিজুয়েলার সেনাবাহিনীর কোন পর্যায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়েছে, মার্কিন কর্মকর্তা সেই বিষয়ে কিছু বলেননি। যাদের সঙ্গে কথা হয়েছে, তারা পক্ষ ত্যাগ করলে মাদুরোর পতন ঘটবে কী-না, এমন প্রশ্নেরও জবাব দেননি তিনি।
জানুয়ারির শেষ সপ্তাহ থেকে লাতিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশটিতে শুরু হওয়া রাজনৈতিক দোলাচলে সেনাবাহিনীকে প্রেসিডেন্টের পক্ষ ত্যাগে বারবারই আহ্বান জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। মাদুরোর পক্ষ ছাড়লে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে লোভও দেখিয়েছে তারা। অবশ্য এত কিছুর পরও বড় ধরনের সফলতা আদায় করতে পারেনি ট্রাম্প প্রশাসন। মাদুরোর সঙ্গে সেনাবাহিনীর গাঁটছড়া এখনো ‘অটুটই’ দেখা যাচ্ছে, বলছেন পর্যবেক্ষকরা।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি লাতিন আমেরিকা এবং ইউরোপের অনেক দেশও গুইদোকে স্বীকৃতি দিয়েছে। তবে ওয়াশিংটন চাইলেও শীর্ষ ইউরোপীয় দেশগুলো এখনো কারাকাসের তেল বা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোর ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি। যুক্তরাষ্ট্র এখন মাদুরোকে ক্ষমতায় রাখতে ভূমিকা রাখা কিউবান সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞার কথা ভাবছে বলে রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের অন্য এক কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোর নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা অবৈধ বলে রায় দিয়েছে আদালত। শুক্রবার ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট এ রায় দেন। এতে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে গুইদোর দাবি অবৈধ ও অকার্যকর। বিচারক জুয়ান মেনডোজা এক বিবৃতিতে বলেন, গুইদোর অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। দেশের প্রেসিডেন্টের ক্ষমতায় তিনি অন্যায়ভাবে হস্তক্ষেপ করছেন। ইতোমধ্যেই গুইদোর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভেনিজুয়েলার আদালত। তার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।
