তথ্যপ্রযুক্তি ডেস্ক
এই বছরের দ্বিতীয় প্রান্তিকে ওয়্যারেবল ব্যান্ডের বৈশ্বিক বাজার বছরওয়ারি ৫ দশমিক ৬ শতাংশ সম্প্রসারিত হয়েছে। এ সময়ে মোট ৪ কোটি ৯ লাখ ইউনিট ওয়্যারেবল বিক্রি হয়েছে। মূলত স্মার্টওয়াচগুলো সাধারণ ব্যান্ডের দামে বিক্রি হওয়ায় এ বিক্রি বেড়েছে । বর্তমানে সব ওয়্যারেবলের মধ্যে ৬২ শতাংশই স্মার্টওয়াচের দখলে রয়েছে। বর্তমানে স্মার্টওয়াচের বাজারে ৩১ দশমিক ১ শতাংশ এবং ওয়্যারেবলের বাজারে ১৯ দশমিক ৩ শতাংশ বাজার নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে অ্যাপল। তবে সরবরাহের দিক শীর্ষে রয়েছে শাওমি। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। বছরওয়ারি স্মার্টওয়াচ সরবরাহের দিক থেকে স্যামসাংও ১১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। পাশাপাশি ওয়্যারওএস ৩ পরিচালিত গ্যালাক্সি ওয়াচ ৪ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সাফল্য পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গুগলের সঙ্গে যৌথভাবে এ স্মার্টওয়াচ তৈরি করা হয়েছে। অন্যদিকে ফিটবিটও গত বছরের তুলনায় চলতি বছর স্মার্টওয়াচ বিক্রিতে ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। বিশেষ করে ভার্সা ২ ও সেন্স মডেলের জন্য এ প্রবৃদ্ধি হয়েছে। সাধারণ ব্যান্ড বাজারে ১৯ দশমিক ৬ শতাংশ বাজার শেয়ার নিয়ে বিক্রির দিক থেকে অ্যাপলের চেয়ে এগিয়ে আছে শাওমি। এমআই স্মার্টব্যান্ড ৫ ও ৬-এর মাধ্যমে এ অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে চীনের এ প্রযুক্তি জায়ান্ট।
