সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

বরিশালে ১০ দফা দাবিতে দলিত সম্প্রদায়ের মানববন্ধন

বরিশাল অফিস ‘বর্ণবাদ নিপাত যাক মানবতা মুক্তি পাক’ এই স্লোগানে বরিশালে দলিত সম্প্রদায় ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে। শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ দলিত পরিষদ বিভাগীয় ও জেলা শাখার ব্যানারে দলিত পরিষদের বিভাগীয় সভাপতি জীবন রবি দাসের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বৈষম্য বিলোপ আইন ২০১৫ দ্রুত পাশ ও বাস্তবায়ন, বরিশালে বসবাসরত দলিত ভূমিহীনদের খাস জমি স্থায়ী বরাদ্দসহ ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা চরভদ্রাসনে বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪৭০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. মাসুদুল আলম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু প্রমুখ।

দেবীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দুপুর ১টায় দেবীগঞ্জ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক জাকির হোসেন কবির রাজুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে মোস্তাফিজুর রহমান চৌধুরী (দৈনিক নীলফামারীর বার্তা) সভাপতি, জাকির হোসেন কবির রাজু (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক ও শেখ ফরিদ (দৈনিক নয়াদিগন্ত) সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট দেবীগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা বাংলাদেশ স্কাউটস ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১১টায় উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। বাংলাদেশ স্কাউটস ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ও স্থানীয় ইউএনও মো. সোহাগ হোসেন সাধুটি নজীব উদ্দীন উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ।

তালায় করোনা উপসর্গে দুই জনের মৃত্যু

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় শুক্রবার রাতে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন তালা উপজেলার বাউখোলা গ্রামের বসন্ত অধিকারীর ছেলে অমল অধিকারী (৬৫) এবং মানিকহার গ্রামের গোলাম রহমানের স্ত্রী লতিফুন্নেছা (৭৫)। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিন জন। এর মধ্যে দুই জন তালা উপজেলার বাসিন্দা।

২৫টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা মনোহরদীতে ১৮ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। শনিবার মনোহরদী উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবদুস শাকের, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি প্রমুখ।

 

 

 

০০০