ওয়েল ফার্গোর সঙ্গে সোফর-ভিত্তিক ঋণচুক্তি করেছে ইবিএল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১

 

সম্প্রতি ওয়েল ফার্গো ব্যাংকের কাছ থেকে সোফর-ভিত্তিক বাণিজ্য ঋণ গ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। ঋণদাতার জন্য বাংলাদেশে এটিই প্রথম সোফর-ভিত্তিক লেনদেন। ওয়েল ফার্গো সিঙ্গাপুর কাছ থেকে ইবিএল ১৮০ দিন মেয়াদি বাণিজ্য ঋণ গ্রহণ করেছে। এই ক্ষেত্রে লিবরের পরিবর্তে সোফরের মার্কিন ডলার বেঞ্চমার্ক রেট কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২১ সালের শেষ নাগাদ লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (লিবর) অধিকাংশ টেনরের পাবলিকেশন শেষ হয়ে যাবে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সারা বিশ্ব এখন ক্রমান্বয়ে ঝুঁকিমুক্ত সুদের হারের দিকে ঝুঁকতে শুরু করেছে। লিবরের বিকল্প হিসেবে বেছে নেওয়া হচ্ছে ওভারনাইট ফাইন্যান্সিয়াল রেট বা সোফর। সোফরের হিসাব-নিকাশ লিবরের থেকে আলাদা এবং এটিতে কোনো ক্রেডিট ঝুঁকির উপাংশ নেই।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক, হেড অব ট্রেজারি, এফই ও অফসোর ব্যাংকিং প্রধান মেহেদী জামান এ প্রসঙ্গে বলেন, লিবর থেকে ঝুঁকিমুক্ত বেঞ্চমার্ক রেটে ট্রানজিশনে মাধ্যমে সারা বিশ্বের আর্থিক বাজারে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ভবিষ্যত্ বাণিজ্যক লেনদেনে লিবর থেকে ট্রানজিশনের জন্য প্রস্তুত হতে এটি আমাদের সহায়তা করবে। ওয়েল ফার্গো ব্যাংকের এপ্যাক দক্ষিণের ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব সিআইবি এসআইজি সান্তনু সেনগুপ্ত জানান, ওয়েল ফার্গো ব্যাংক তার অংশীদারদের লিবর থেকে ট্রানজিশনে প্রস্তুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ওয়েল ফার্গো অ্যান্ড কোম্পানি যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যার সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। ফরচুন ২০২১ এর র্যাংকিং-এ যুক্তরাষ্ট্রের বৃহত্তম করপোরেশনগুলোর মধ্যে ওয়েল ফার্গোর অবস্থান ৩৭তম। —প্রেস বিজ্ঞপ্তি