স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
পুলিশের বাধায় পণ্ড হলো নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ। সারা দেশের ন্যায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় মহানগর বিএনপি।
গতকাল শনিবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ দলীয় নেতাকর্মীরা প্রেসক্লাব চত্বরে আসলে প্রশাসনের লোকজন তাদেরকে বাধা প্রদান করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদেরকে প্রশাসন প্রেসক্লাবের পেছনে তাদের কর্মসূচি পালন করতে নির্দেশ দেয়। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রেসক্লাব চত্বরেই তাদের কর্মসূচি পালন করে থাকে। আমরাও সেখানেই করবো। আর এটা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে গলিতে কর্মসূচি পালন করার যে নির্দেশ প্রদান করেছে তা আমাদের জন্য অসম্মানজনক। প্রেসক্লাব চত্বর একটি মুক্তাঙ্গন এখানে সকলের সমান অধিকার রয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে কেন উল্টো হবে এটা মিডিয়ার মাধ্যমে জাতির কাছে আমাদের প্রশ্ন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা এড. রফিক আহম্মেদ, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট শহীদ সারোয়ার, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার চৌধুরী ইমন প্রমুখ।
