কাপাসিয়ায় জৈব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোচনা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৯

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়ায় পরিত্যক্ত ও অব্যবহূত জৈব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান বিষয়ক আলোচনা সভা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শ্যামল বাংলা কৃষি ফার্ম লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমত আরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের তথ্য কমিশনার এনডিসি (সিনিয়র সচিব) সুরাইয়া বেগম। মুখ্য আলোচক ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল কাদের। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম প্রমুখ।

সিমিন হোসেন রিমি বলেন, জৈব সারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। জৈব সার  ব্যবহারে মাটির গুণাগুণ বৃদ্ধি করে। আমাদের বুঝতে হবে মাটির জন্য কি প্রয়োজন, তা ঠিকমতো ব্যবহার করবো। আমাদের চার পাশের বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সার তৈরি করে তা ফসল উত্পাদনে মাটিতে ব্যবহার করতে পারলে মাটির উর্বরতা বাড়বে এবং ফসলও ভালো হবে।