কানাডার প্রধানমন্ত্রী সমালোচনার মুখে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪১

কানাডায় অবকাঠামো নির্মান খাতের প্রভাবশালী কোম্পানি এসএনসি লাভালিনের একটি প্রতারণা মামলায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। গ্লোব অ্যান্ড মেইল নামের একটি পত্রিকায় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, সাবেক বিচারমন্ত্রীকে হস্তক্ষেপের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ট্রুডো। কিন্তু নির্দেশ না শোনায়

বিচারমন্ত্রী জোডি উইলসন রেবাউল্ডকে বরখাস্ত করা হয়েছিল। খবর সিবিসি নিউজের

প্রধানমন্ত্রী ট্রুডো মিডিয়াকে বলেছেন, আমি কিংবা আমার কোনো কর্মকর্তা এসএনসি লাভালিনের মামলায় হস্তক্ষেপ করিনি। এমনকি সাবেক বিচারমন্ত্রীকে এ বিষয়ে কোনো ধরনের নির্দেশনাও দেওয়া হয়নি। তবে বিরোধীরা তার এই উত্তরে সন্তুষ্ট নন। তারা প্রধানমন্ত্রী ট্রুডোকে প্রশ্নবানে জর্জরিত করছেন। তারা বলছেন, প্রধানমন্ত্রীর অফিস অ্যাটর্নি জেনারেলের অফিসে এই মামলা নিয়ে কোনো ধরনের যোগাযোগ করেছিল কিনা সেটিই জানার বিষয়। কোম্পানিটি গত দুই বছরে সরকারের সঙ্গে ৫০ বার যোগাযোগ করেছে বলে বিরোধীদের অভিযোগ। এসএনসি লাভালিনের বিরুদ্ধে অভিযোগ, কোম্পানিটি লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফির আমলে সরকারি কর্মকর্তাদের ৪৮ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিলেন যার মাধ্যমে তারা দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়েছিল। কোম্পানিটি এই অভিযোগ অস্বীকার করেছে। অভিযুক্ত হলে কোম্পানিটি সরকারি কাজে এক দশকের জন্য নিষিদ্ধ হবে। এর আগে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে ২০১৩ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পে কোম্পানিটিকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।