আল-হাইয়্যাতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়াহ বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, দ্বীন হলো নসীহত তথা কল্যাণকামিতার নাম। তিনি এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (স.)-এর পবিত্র হাদীস উদ্ধৃত করে বলেন, আল্লাহর কুরআন মোতাবেক কার্য পরিচালনা করা, সুন্নাতে নবভীর আলোকে সমাজ গড়া, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় শাসকবর্গকে জনগণের কল্যাণে কাজ করা, পাপাচার ও দুর্নীতিমুক্ত জীবন যাপনে জনসাধারণকে উপদেশ দেওয়াই দ্বীন তথা কল্যাণকামিতার মর্ম। এ হাদীসের আলোকে অর্পিত মহান দায়িত্ব পালনে কওমী মাদ্রাসাসমূহই প্রকৃষ্ট উদাহরণ।
তিনি গতকাল শনিবার সকাল ৭টায় কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা পরিদর্শনে গিয়ে হেদায়তী বক্তব্যে এ কথা বলেন।
জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ওলামায়েকেরামের উদ্দেশে বলেন, উল্লিখিত হাদীসের আলোকে কুরআন-সুন্নাহভিত্তিক জীবন-যাপনের পাশাপাশি মুসলিম শাসকবর্গকে খলীফা ওমর (র.)-এর মতো রাষ্ট্র পরিচালনার জন্য নসীহত করা এবং জনসাধারণকে পাপাচারমুক্ত জীবন-যাপনের উপদেশ দেওয়া আমাদের দ্বীনি কর্তব্য।
অনুষ্ঠানে জামেয়া দারুল উলুম চাকমারকুলের পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক, দারিয়ারদীঘি মারকাজুল হুদা মাদ্রাসার পরিচালক মাওলানা কেফায়ত উল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মপ্রাণ জনসাধারণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন।
