কার্টুনিস্ট কিশোরসহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট আমলে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:১৯

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ সাত জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন গতকাল রবিবার এই তদন্ত প্রতিবেদন আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরা হলেন আলজাজিরা টেলিভিশনে সরকারপ্রধান ও সেনাপ্রধানকে নিয়ে প্রচারিত প্রতিবেদনের প্রধান চরিত্র সামিউল ইসলাম খান ওরফে সায়ের জুলকারনাইন ওরফে সামি, নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল, ব্লগার আশিক মোহাম্মাদ ইমরান ও মো. ওয়াহিদুন্নবী।

মামলায় তিন আসামি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার মো. দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন জামিনে ছিলেন। এদিন তারা ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এছাড়া লেখক মুশতাক ছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক সাহেদ আলম, ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফেসবুক আইডি ফিলিপ শুমাখারকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম এসব তথ্য জানান। গত ১০ মে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপপরিদর্শক আফছর আহমেদ ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন।