খুলনার গ্রামীণ তিন পদ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৮

 

শিল্পনগরী খুলনায় রয়েছে নানা ধরনের খাবারের বৈচিত্রতা। স্বাদের ভিন্নতায় রন্ধনপ্রণালিতে ব্যবহার করা হয় নানা ধরনের উপকরণ যা শুধুমাত্র এই দক্ষিণাঞ্চলের রান্নাতেই লক্ষণীয়। এমন স্বাদে ভিন্ন খুলনার তিন গ্রামীণ খাবারের রেসিপি দিয়েছেন আলভী রহমান শোভন

কেওড়া ফলের টক

 

উপকরণ :কেওড়া ফল ২৫০ গ্রাম, পাঁচ ফোঁড়ন ১/২ চা চামচ, শুকনা মরিচ ২/৩টি, চিনি ১ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ চা চামচ।

প্রণালি :কেওড়া ফলের বোঁটা ফেলে ৫০০ মিলি পানিতে সেদ্ধ করে নিন। পানি ছেঁকে আলাদা করে রাখুন। সেদ্ধ কেওড়া ফলের খোসা ছাড়িয়ে নিন। এবার এই খোসার সঙ্গে সামান্য পানি মিশিয়ে কচলে সেই পানিও ছেঁকে আলাদা করে রাখুন। প্যানে তেল গরম করে পাঁচ ফোঁড়ন আর শুকনা মরিচ হালকা ভেজে কেওড়া সেদ্ধ   পানি দিন। ভালোভাবে নেড়ে চিনি এবং লবণ দিন। ভালোভাবে বলক উঠলে চুলা বন্ধ করুন। এবার ভাতের সঙ্গে পরিবেশন করুন। 

কচি চুইঝাল দিয়ে

পাঁচমিশালি সবজি

 

উপকরণ :পাঁচ ধরনের সবজি কিউব করে কাটা ২ কাপ, পাতাসহ কচি চুইঝাল ৬ ইঞ্চি আকারে ৩/৪টি, পাঁচ ফোঁড়ন ১/২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, জিরা বাটা ১/২ চা চামচ, ধনিয়া বাটা ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ১/৪ কাপ।

প্রণালি :প্যানে তেল গরম করে পাঁচ ফোঁড়ন দিন। হালকা ভেজে গন্ধ বেড় হলে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়ুন। হালকা ভাজা হয়ে এলে একে একে সব বাটা মসলা দিয়ে ভালোভাবে নেড়ে লবণ ছড়িয়ে সামান্য পানি দিয়ে সবজি সেদ্ধ হতে দিন। সবজি প্রায় সেদ্ধ হয়ে এলে কচি চুইঝাল টুকরো করে এবং এর পাতা কুঁচি করে ছড়িয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে রান্না করুন। তারপর ডিশে সাজিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন। 

নারকেল দুধে ডুমুর চিংড়ি

 

উপকরণ :ডুমুর ৫০০ গ্রাম, চিংড়ি ১৫০ গ্রাম, নারকেল দুধ ৫০০ মিলি, পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ, তেজপাতা ২টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, তেল ১/৪ কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি :ডুমুর মাঝখান থেকে কেটে এর বিচি বের করে কুসুম গরম পানিতে লবণ দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। প্যানে তেল গরম করে প্রথমে তেজপাতা এবং পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেজে  বাটা মশলা এবং পরে সব গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। নারকেল দুধ যুক্ত করুন। এবার এতে ডুমুর দিয়ে দিন। সামান্য পানি দিয়ে সেদ্ধ হতে দিন। ৭৫ ভাগ সেদ্ধ হয়ে এলে চিংড়ি দিন। হয়ে এলে চুলা বন্ধ করুন। এবার ডিশে সাজিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।