তিন ঘণ্টা যান চলাচল বন্ধ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বকেয়া বেতন ভাতা ও ঈদুল আজহার বোনাস পরিশোধ এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল ফের বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঢাকা-গাজীপুর সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
কারখানার শ্রমিক ও কর্মচারীরা জানান, গাজীপুর মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সামনে লক্ষ্মীপুরা এলাকায় অবস্থিত স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে বকেয়া পাওনা আংশিক পরিশোধ করে গত ঈদুল আজহার আগে কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ। কারখানায় প্রায় সোয়া ৪ হাজার শ্রমিক ও সাড়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। ঈদের ছুটির পর গত ১ সেপ্টেম্বর ঐ কারখানা চালু হওয়ার কথা থাকলেও তা চালু না করে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বৃদ্ধির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। কারখানা খোলার দিন কর্মকর্তা-কর্মচারীদের গত বছরের ডিসেম্বর মাসের বেতন এবং শ্রমিকদের গত জুন মাসের বেতনসহ ঈদুল আজহার বোনাস পরিশোধের কথা ছিল। এ নিয়ে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। বিষয়টি নিয়ে শ্রমপ্রতিমন্ত্রীর উপস্থিতিতে গাজীপুর সিটি মেয়র, সচিব, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিএমইএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে কারখানা মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিক-কর্মচারীদের পাওনাদি পরিশোধ করার সিদ্ধান্ত হলেও এ পর্যন্ত তা পরিশোধ করা হয়নি।
এদিকে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী কারখানার শ্রমিক ও কর্মচারী-কর্মকর্তারা গতকাল সকালে কাজে যোগ দিতে কারখানায় আসে। তারা কারখানার গেটে তালা দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কের উভয় দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে আলোচনা শেষে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস পেলে তারা বেলা ১১টার দিকে আন্দোলন স্থগিত করে অবরোধ তুলে নিলে সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু করে।
