নারায়ণগঞ্জে এক টুকরো ছিটমহল!

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২৩:৫২

চারবছর হতে চললো ফতুল্লা ইউনিয়নের সুগন্ধা এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হচ্ছে না। আশপাশের অঞ্চলের উন্নয়ন হলেও এই এলাকায় এখনো যেন কারো নজর পড়েনি। সুগন্ধা এলাকাটি যেন শহরের মধ্যে এক টুকরা ছিটমহল। এলাকার সমস্যা সমাধানের আশায় ওই অঞ্চলের লোকজন বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে গেলেও আশ্বাস ছাড়া পায়নি কিছুই।

শীতের এই শুষ্ক মৌসুমেও এলাকার রাস্তায় হাঁটু পানি জমে আছে। এলাকার অনেকে জানান, সেখানে শুধু জাতীয় সংসদ নির্বাচন ছাড়া প্রায় ২৭ বছর যাবত্ কোনো নির্বাচন হয় না। এমন অবস্থায় এলাকাবাসীর একমাত্র ভরসা ছিলেন এমপি শামীম ওসমান। কারণ এই এলাকাটি পড়েছে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আওতায়। এলাকার লোকজন জানান, গত ২৯ জুলাই ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের পাঠাগার উদ্বোধনের সময় এমপি শামীম ওসমান শিক্ষার্থীদের কথা দিয়েছিলেন দুই মাসের মধ্যে সুগন্ধা এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান করবেন তিনি।

এলাকার বাসিন্দা মোশারফ মিয়া বলেন, ‘‘এলাকায় নির্বাচন নাই। মেম্বার-চেয়ারম্যানদেরতো আর আমাদের ভোটের প্রয়োজন হয় না। ২৬ বছর ধইরা তারা এমনিতেই মেম্বার-চেয়ারম্যান হইতে পারেন। তাই আমাদের দিকে তাকাইতেও হয় না। মাঝে মাঝে মনে হয় আমরা ছিটমহলের বাসিন্দা।’’

সুগন্ধা মসজিদের মোয়াজ্জেম নুরুজ্জামান বলেন, আশপাশের এলাকার রাস্তা অনেক উঁচু করা হয়েছে। কিন্তু এই এলাকায় কোনো কাজ করা হয়নি। যে কারণে অন্যান্য এলাকা থেকে পানি এসে এই এলাকায় জমা হয়। এই এলাকাটি ডিএনডি প্রকল্পের আওতায়। সেনাবাহিনী এসে ড্রেনের কাজও করে গেছে। কিছুদিন পানি না থাকলেও এখন আবার পানিতে ভরে গেছে। পানির কারণে আমাদের যে কি সমস্যা হচ্ছে তা বলে বোঝানো যাবে না। আমরা হাঁটা-চলা করতে পারি না। এখনতো শুষ্ক মৌসুম, তাই পানি কম। বর্ষা মৌসুমে এই রাস্তায় নৌকা চলে। এলাকার আরেক বাসিন্দা আব্দুল্লাহ বলেন, ‘‘আমরাতো এমপি সাহেবের কাছে গেলাম, ডিসি সাহেবের কাছে গিয়ে স্মারকলিপি জমা দিলাম। কিন্তু তাতে কোনো সুফল হলো না। আমরা নিজেরাও কয়েকবার চেষ্টা করেছি জলাবদ্ধতা সমস্যা নিরসনের কিন্তু তাতেও বিশেষ সুফল পাইনি।’’ ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের কাছে এলাকাবাসীর এখন একটাই দাবি এই শুষ্ক মৌসুমেই যেন জলাবদ্ধতা সমস্যা নিরসনে কাজ করা হয়।