>> রেজাউল ইসলাম রেজা
ইট পাথরের শহরে বেড়ে উঠা রুবাইয়া পারভীন রীতির। ছোটবেলা থেকেই ছিলেন অনেক চঞ্চল ও ডানপিটে স্বভাবের। স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু বাস্তবতা তাকে একজন পুষ্টিবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ছোট থেকেই ট্রেন, বাস, গাড়ি নিয়ে খেলা করতেন। বাকি আর পাঁচটা মেয়ের মতো পুতুল তাকে কখনোই টানতো না। যে কোনো খেলনা নষ্ট হলে নিজেই মেরামত করতেন। অসম্ভব রকমের মেধাবীও ছিলেন বটে। তবে বিপত্তি বাঁধে নবম শ্রেণীতে ভর্তির পর। রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত, জীববিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলো মাথায় ঢুকতো না। ফলাফল হলো—কোনো রকমে টেনেটুনে পাশ। এরই ধারাবাহিকতায় এসএসসি ও এইচএসসি পরীক্ষাও তেমন ভালো ফলাফল হলো না। এজন্য আশেপাশের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাই হাসাহাসি করতো। তারপর ভর্তি হলেন ন্যাশনাল কলেজ অফ হোম ইকনমিক্স-এ খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়ে। পুরো পরিবারের কানাডায় যাওয়া ও পারিবারিক সমস্যার কারণে বিএসসি পরীক্ষার ফলাফলও ভালো হয়নি। এরই মধ্যে বিএসসি ৩য় বর্ষে অধ্যয়নকালে তার মায়ের ক্যান্সার ধরা পড়ে। পরিবারের সবাই দেশের বাইরে থাকায় মেয়ে হয়েও চ্যালেঞ্জটা নিজের কাঁধে নিলেন। মায়ের চিকিত্সাসহ নানা প্রতিকূল অবস্থার মাঝেও এমএসসির পড়াশোনা চালিয়ে যান। ইন্টার্নশিপ ও ক্যান্সার নিয়ে গবেষণা করার পাশাপাশি ব্যক্তিগতভাবে বিনামূল্যে রোগীও দেখতে থাকেন। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চোখের সামনে মাকে হারানোর বেদনা তার মধ্যে এক অদম্য ইচ্ছার প্রতিফলন ঘটায়। মায়ের শেষ ইচ্ছা রাখতে দেশসেরা পুষ্টিবিদ হওয়ার বাসনা প্রবল হতে থাকে। মৃত্যুর আগে মাকে তাকে বলেছিলেন, ‘তুমি কোনোদিন এই পেশা ছাড়বে না। আমি চাই তুমি আজীবন মানুষের সেবা করো।’ পরবর্তী সময়ে এমএসসির ফলাফলে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর আর থেমে থাকতে হয়নি। একজন পুষ্টিবিদ হিসাবে দেশের স্বনামধন্য কোমপানিগুলোতে কাজ করার সুযোগের পাশাপাশি বিনামূল্যে চিকিত্সা সেবা দিতে শুরু করেন। করোনার শুরু থেকেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজ উদ্যোগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সচেতনতামূলক ভিডিও এবং ফ্রি ডায়েট চার্ট প্রদানের ব্যবস্থা করেন। ইতোমধ্যে জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলোতে পুষ্টিবিদ হিসাবে পরামর্শ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ লিখেন এবং দীপ্ত টেলিভিশনে আলোক হেলথ কেয়ার ও হাসপাতালের সৌজন্যে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
