তদন্তের খবরে ওটিসি থেকে ফেরা চার কোম্পানির পতন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে ফিরেই লাগামহীন বাড়তে থাকে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, মুন্নু ফেব্রিকসের শেয়ার দর। এ দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে গত সোমবার কোম্পানিগুলোর সার্বিক পরিস্থিতি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ খবর প্রকাশের পরে গতকাল মঙ্গলবার কোম্পানিগুলোর শেয়ার দরে বড় পতন হয়েছে।

সোমবার কোম্পানিগুলোর সার্বিক পরিস্থিতি যাচাই করার জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি। ডিএসই কোম্পানিগুলোর ব্যাবসায়িক বাস্তব চিত্র তুলে ধরবে। এছাড়া প্রকাশিত মূল্য সংবেদনশীল (পিএসআই) তথ্যের সত্যতা যাচাই করবে। একই সঙ্গে কোম্পানিগুলোর দর বৃদ্ধির কারণ অনুসন্ধান করবে। এর পেছনে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খুঁজে বের করতে বলা হয়েছে।

এ খবর প্রকাশের পরে গতকাল শেয়ারগুলোতে বড় পতন হয়েছে। যার মাধ্যমে চারটির মধ্যে তিনটি ডিএসইর টপটেন লুজার তালিকায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস টপটেন লুজারের শীর্ষ স্থান দখল করেছে। অন্যগুলোর মধ্যে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং দ্বিতীয় স্থান ও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং ৫ম স্থান দখল করেছে। এছাড়া  মুন্নু ফেব্রিকস লুজারের ১৭তম স্থান দখল করেছে।