পরিষদের কাজে উপজেলা চেয়ারম্যানের অনুমোদন নেবেন ইউএনও

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:২৬

উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত সব দপ্তরের কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ও বিধি অনুসারে করার জন্য ইউএনওদের প্রতি নির্দেশনা দিয়ে ইতিপূর্বে জারিকৃত সার্কুলার অনুসরণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ইউএনওরা যাতে ঐ সার্কুলার অনুসরণ করেন সেজন্য পৃথক আরেকটি সার্কুলার জারি করতে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম।

আবেদনকারী পক্ষের আরেক আইনজীবী মনজিল মোরসেদ বলেন, উপজেলা পরিষদ আইন ও এর অধীনে করা বিধিমালায় বলা আছে, উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত সব বিভাগের কার্যক্রম উপজেলা পরিষদের অনুমোদন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পরিচালনা করবেন। এ বিষয়ে একাধিক সার্কুলারও জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়; কিন্তু ইউএনওরা সেটা না করে নিজেরাই সিদ্ধান্ত বাস্তবায়ন করে উপজেলা পরিষদকে অবহিত করেন।

তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা স্থানীয় সরকার ব্যবস্থা পরিচালিত হবে; কিন্তু ইউএনওরা সেটা মানেন না যা সংবিধান ও আইনের পরিপন্থি। এক্ষেত্রে আইনের ব্যত্যয় যাতে না ঘটে, সেজন্য হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়। আদালত উপজেলা পরিষদ আইন ও ২০১০ সালের বিধিমালা অনুযায়ী উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত সব দপ্তরের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পরিষদকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার প্রয়োগ নিশ্চিত করতে ইউএনওদের প্রতি সার্কুলার জারি করতে মন্ত্রিপরিষদ সচিবসহ ১৬ জন বিবাদীর প্রতি আদেশ দিয়েছে। সার্কুলারে হাইকোর্টের আদেশের কথাটি উল্লেখ করতে বলা হয়েছে।

সরকার উপজেলা পরিষদের (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০-এর বিধি ১৪-এর উপবিধি (১) নিম্নরূপে প্রতিস্থাপন ও সংশোধনপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয় : (১) আইনের তৃতীয় তফসিলে উল্লিখিত দপ্তরসমূহের কর্মকর্তাগণ, সরকার কর্তৃক উপজেলা পরিষদের নিকট হস্তান্তরিত বিষয়ে সকল কাগজপত্র ও নথি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট অনুমোদনের জন্য পেশ করিবেন।