অভিনয়ে ব্যস্ততা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। তবে দর্শকের নিকট তিনি দীঘি নামেই পরিচিত। আর দীঘি মানেই তার মা চিত্রনায়িকা দোয়েল ও বাবা সুব্রতের নাম চলে আসে। কারণ দুজনই চলচ্চিত্রের মানুষ। যদিও মাকে হারিয়েছেন অনেক আগেই দীঘি। তবে দীঘিকে অনেক আদর-স্নেহ দিয়ে আগলে রেখেছেন বাবা সুব্রত। ছোট্ট দীঘি একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে মডেল হয়ে সাড়া ফেলেছিল। শিশুশিল্পী হিসেবে এরপরই ডাক পায় চলচ্চিত্রে। ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ ৩০টির মতো ছবি দর্শকদের উপহার দেন। এরপর নায়িকা হিসেবে কবে চলচ্চিত্রে দর্শকরা তাকে দেখতে পাবেন—সেজন্য অপেক্ষা ছিল অনেকদিনের। পড়াশোনার ব্যস্ততার কারণে অনেক সময় পর তিনি অবশেষে চলচ্চিত্রে কাজ শুরু করেন। শুরুতে অনেক পরিচালক-প্রযোজক দীঘিকে কাস্টিং করতে চেয়েও পারেননি। তবে শেষে সফল হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এই প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান তাকে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ করেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায়। ছবিতে দীঘির নায়ক হিসেবে অভিনয় করেন শান্ত খান। শিগগিরই   একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘মুজিব ভাই’  ছবির কাজ শুরু করবেন। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে রেনু চরিত্রটি করার পর সকলে বেশ প্রশংসা করেছেন। এমনকি রেনু নামে ডেকেছে অনেক জায়গায়। প্রথম ছবিতে অভিনয় করে এমন প্রাপ্তি আমার জন্য সত্যিই সৌভাগ্যের। এমন চরিত্রেই বেশি কাজ করতে আগ্রহী। খুব বেশি কাজ করতে চাই না; কিন্তু দর্শকের মনে যে চরিত্রগুলো গেঁথে থাকবে এমন চরিত্রে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিকের সময় একটি চরিত্রের জন্য অনেক মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। আমি বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আত্মহারা ছিলাম। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’  ও ‘মুজিব ভাই’ সিনেমায় আবার একই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। এটাই আমার কাছে বিশেষ প্রাপ্তি। বঙ্গবন্ধুর বায়োপিকের আমার অংশটি মুম্বাইতে করেছি। ঢাকায় আমার অংশের কাজ নেই। তবে ডাবিং এখনো করিনি।’

সম্প্রতি দীঘি ঢাকার ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে হিন্দি একটি গানের মিউজিক ভিডিওতে প্রথমবার মডেল হিসেবে কাজ করেছেন। সুদীপ কুমার দীপের লেখা ‘হোটো পে নাম তেরা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও প্রেম। গানটি শিগগিরই  প্রকাশ হবে। দীঘি বলেন, ‘প্রথমবার হিন্দি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করলাম। আমার জন্য নতুন অভিজ্ঞতা। আমার সঙ্গে মডেল হিসেবে ছিল ফারহান খান রিও। প্রকাশের পর কাজটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি। এদিকে শাপলা মিডিয়ার বাইরেও  নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ  হয়েছেন দীঘি। সবশেষে দীঘির কাছে জানতে চাওয়া—  কারো প্রেমে পড়েছেন কি? জবাবে হাসতে হাসতে বলেন, ‘না। কারো প্রেমে পড়লে আমি নিজেই জানিয়ে দিব। এসবের সময় এখন না। সবে তো ক্যারিয়ার শুরু।’