এস এম সুলতানের ৫০ বছরের শিল্পসম্ভার

পঞ্চাশ থেকে নব্বই দশক নিয়ে প্রদর্শনী আয়োজন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

সৈ য় দ  শি শি র

 

বেঙ্গল আর্টস প্রোগ্রামের আয়োজনে শিল্পী এস এম সুলতানের ৫০ বছরের শিল্পসম্ভার নিয়ে প্রায় তিন মাসব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে সম্প্রতি শুরু হয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশের আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি শিল্পী শেখ মুহাম্মাদ সুলতান (১৯২৩-১৯৯৪) বা ‘সুলতান’র পঞ্চাশ থেকে নব্বইয়ের দশকের কাজের সামগ্রিক পরিমণ্ডল তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সুলতান বিশ্বাস করতেন, দেশে সুদিন আসবে প্রান্তিক মানুষের জীবনোন্নয়নের মধ্য দিয়ে।

অসংখ্য জলরং, তেলরং, খড়িমাটি দিয়ে নির্মিত চিত্রকর্মে সুলতান কৃষিজীবী সমাজের অন্তর্নিহিত শক্তিকে উত্সারিত করেছেন পেশিবহুল কৃষক, নারী ও শিশু চিত্রায়নের মাধ্যমে। গবেষণালব্ধ নানাবিধ উপকরণ— আলোকচিত্র, চলচ্চিত্র, সাক্ষাত্কার, বই, স্মারক, ভেষজ উপাদান উপস্থাপনের মধ্য দিয়ে সুলতানের কর্ম ও জীবনদর্শনকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রদর্শনীতে। সুলতান দেশ-মাটির কাছে সমর্পিত ছিলেন। নবীন প্রজন্ম সুলতানকে জানবে, তার মানসগঠন ও জীবনবোধের গভীরতাকে অনুধাবন করবে, সমাজের প্রতি শিল্পীর অঙ্গীকার বিষয়ে অবহিত হবে—তবেই আমাদের এই প্রয়াস সার্থক হবে।

আগে কখনো প্রদর্শিত হয়নি, সুলতানের এমন কিছু শিল্পকর্ম প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত। কোভিড-১৯ পরিস্থিতির নিয়মনীতি মেনে প্রদর্শনী ঘুরে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়।

কামরুল হাসান প্রদর্শনশালা, বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি ৪২, রোড ২৭, শেখ কামাল সরণি, ধানমন্ডি, ঢাকা) ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত (রোববার ব্যতীত) চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।