এবার ‘ভূত পুলিশ’র সঙ্গে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

নির্ধারিত দিনের আগেই ১০ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টার-এ মুক্তি পেয়েছে হরর কমেডি ফিল্ম ‘ভূত পুলিশ’। ট্রেলার মুক্তির পর থেকেই মজাদার এই ভূতের ছবি নিয়ে ইতিমধ্যেই রীতিমতো আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ছবিতে দুই প্রতারক  তান্ত্রিকের ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলি খান ও অর্জুন কাপুর। তাদের বিপরীতে দেখা যাচ্ছে  জ্যাকলিন ফার্নান্ডেজ ও ইয়ামি গৌতমকে। বলিউডে নতুন প্রজন্মের সুন্দরী নায়িকাদের মধ্যে ইয়ামি গৌতমের নামটি এখন খুব সহজেই চলে আসে। মডেল হিসেবে তুমুল সাড়া জাগিয়ে রূপালি পর্দায়  নায়িকা হয়েও পেয়েছেন সাফল্য। বলিউডে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। নামি-দামি  জনপ্রিয় তারকা অভিনেতাদের অনেকের বিপরীতে  নায়িকা সেজেছেন বিভিন্ন ছবিতে। ফলে হিন্দি চলচ্চিত্রাঙ্গনে তার পদচারণা দর্শকদের মনে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। ইয়ামি ‘ফেয়ার অ্যান্ড লাভলি’  প্রসাধনী সামগ্রীর মডেল হিসেবে এই উপমহাদেশের ঘরে ঘরে খুবই পরিচিত মুখ আরো আগে থেকেই। ২০১২ সালে বলিউডে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করে গত ৯-১০ বছরে ‘টোটাল সিয়াপা’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘বাদলাপুর’, ‘সানাম রে’, ‘জুননিয়াত’, ‘কাবিল’, ‘সরকার থ্রি’, ‘বাত্তি গুল মিটার চালু’, ‘বালা’, ‘উরি:দ্য সার্জিক্যাল স্টাইক’  ছবিগুলোতে অভিনয়ের সুবাদে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন। ইয়ামি গৌতম বলিউডি হিন্দি ছবি ছাড়াও পাঞ্জাবি, তামিল, মালায়লাম, কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেন নিয়মিতভাবে। গত বছর অক্টোবরে নেটফ্লিক্সে তার অভিনীত ‘জিনি ওয়েডস সানি’ ছবিটি মুক্তি পায়। রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটিতে ইয়ামির বিপরীতে ছিলেন বিক্রান্ত মেসি।

ইয়ামি ‘ফেয়ার অ্যান্ড লাভলি’  ক্রিমের বিজ্ঞাপন করার পর নেটদুনিয়ায় তাকে নিয়ে ট্রলের অন্ত ছিল না। কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফর্সা হওয়ার প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে। সম্প্রতি যখন অতীত নিয়ে ফের কটাক্ষের সম্মুখীন হতে হলো ইয়ামিকে, বেজায় চটে গেলেন। এবার ‘ভূত পুলিশ’ সিনেমার প্রচারমূলক অনুষ্ঠানে ইয়ামিকে উদ্দেশ্য করে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ বলে ডেকেছিলেন এক ফটোগ্রাফার। আর তাতেই ক্ষেপে যান তিনি। প্রমোশনাল ইভেন্টে ইয়ামি যখন ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন, তখনই ওই চিত্রগ্রাহক বলে ওঠেন—‘ও ফেয়ার অ্যান্ড লাভলি,  একটু এদিকেও তাকান।’ সম্প্রতি কলকাতায় ইয়ামি গৌতমকে নিয়ে ছবি ‘লস্ট’র শুটিং সারলেন বাঙালি চিত্রনির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। গত জুলাই থেকে ‘লস্ট’র শুটিংয়ের জন্য কলকাতায় ছিলেন ইয়ামি। কলকাতা শহরের পটভূমিকায় নির্মাণাধীন ‘লস্ট’  ছবিতে তিনি একজন উঠতি বেপরোয়া ক্রাইম রিপোর্টারের ভূমিকায় রূপদান করছেন, যেখানে এই সময়ের মিডিয়া জগতের নানা বাস্তবতা তুলে ধরা হবে। ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। কলকাতায় কাজ করতে এসে ইয়ামি চমত্কার অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তিনি সহজে ভুলতে পারবেন না। তবে সবশেষে ভালো একটি কাজের অংশীদার হতে পেরেছেন বলে বেশ তৃপ্ত। কমেডি ধাঁচের ‘দাসভি’ ছবিতে একজন অশিক্ষিত রাজনৈতিক নেতারূপী অভিষেক বচ্চনের বিপরীতে দেখা যাবে তাকে একজন চৌকষ আইপিএস পুলিশ কর্মকর্তার ভূমিকায়। ‘অ্যা থার্সডে’ ছবিতে ইয়ামিকে একজন প্লে স্কুল শিক্ষকের ভূমিকায় দেখা যাবে।

৩২ বছর বয়সী ইয়ামি লাগাতার পরবর্তী ছবিগুলোর কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লেও ভার্সাটাইল চরিত্রে অভিনয়ে বেশি মজা পান। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত যে নির্মাতারা আমাকে বিভিন্ন ধরনের রোলে অভিনয়ের ক্ষেত্রে আস্থাশীল হয়ে তেমন চরিত্রে কাজ করা সুযোগ করে দিচ্ছেন। এক ধরনের চরিত্র থেকে চট করে আবার অন্য আরেকটি চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়াটা সহজ কাজ না হলেও আমি প্রাণপণ চেষ্টা করেছি। লাগাতার বিভিন্ন ছবিতে বিভিন্ন ধরনের চরিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেও কোনো একটি চরিত্রে আমার অভিনয়ের ব্যতয় ঘটেনি, যথার্থ অভিনয়ে আমি বেশ সচেতন এবং আন্তরিক ছিলাম।’

উল্লেখ্য, সুপারহিট ওয়ার মুভি ‘উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক’র নায়িকা হিসেবে অভিনয় করতে গিয়ে ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে ইয়ামির জানাশোনা থেকে প্রেম এবং তারপর সম্প্রতি বিয়ে করেছেন।