মুন্সীগঞ্জ-১ আসনে যুক্তফ্রন্টকে নিয়ে চিন্তায় আওয়ামী লীগ নেতারা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২৩:৫৫

মুন্সীগঞ্জ- ১ আসনে যুক্তফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য জোট গঠন নিয়ে চিন্তায় রয়েছেন এ আসনে মনোয়নয়ন প্রত্যাশী স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমানে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সর্বত্রই আলোচনা চলছে কে হচ্ছেন কোন দলের প্রার্থী। চায়ের দোকান থেকে শুরু করে হাটে-মাঠে-ঘাটে সর্বত্র চলছে এ আলোচনা। কে পাবে নৌকা আর কে পাবে ধানের শীষ প্রতীক। বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল (বিএনপি) উভয় দল থেকে প্রায় হাফ ডজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। অপরদিকে যুক্তফ্রন্ট থেকে বিকল্প ধারা, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন থেকেও একজন করে মনোনয়নপত্র কিনেছে। তবে এলাকার ভোটারদের মধ্যে আলোচনার মূল বিষয় হচ্ছে ধানের শীষ আর নৌকা প্রতীকের মধ্যে। বর্তমান সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এবার অসুস্থতার কারণে নির্বাচন করবেন না বলে জানা যায়। তবে আওয়ামী লীগ থেকে দীর্ঘদিন যাবত্ মনোনয়ন লাভের আশায় এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক  গোলাম সারোয়ার কবির, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাব্লিউ, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব মো: সামসুল হক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম চৌধুরীসহ আরো কয়েকজন। বর্তমানে সবাই কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। তবে সকলেই কিছুটা উদ্বেগের  মধ্যে রয়েছেন। কারণ শোনা যাচ্ছে যুক্তফ্রন্ট আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে নির্বাচন করবে এবং মুন্সীগঞ্জ-১ আসনটি যুক্তফ্রন্ট সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর ছেলে সাবেক এমপি মাহী বদরুদ্দোজা চৌধুরীর পছন্দ এবং তার নিজের এলাকা। তিনি এই আসনে মনোনয়ন দাবি করেছেন। যদি জোট বাস্তবায়ন হয় এবং এ আসনে মাহীকে নমিনেশন দেওয়া হয় তাহলে বর্তমান মনোনয়ন প্রত্যাশীদের আশায় গুড়ে বালি।

অপরদিকে আরেক বড় শক্তিশালী দল বিএনপি থেকে মনোনয়নপত্র কিনেছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, শিল্পপতি শেখ মো: আব্দুল্লাহ, সাবেক ছাত্রনেতা মীর সরাফত আলী সপু, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মমিন আলী। মনোনয়ন প্রত্যাশী অনেক হলেও মূল প্রতিযোগিতায় রয়েছে দুইজন। একজন হলেন এ আসন থেকে কয়েকবারের নির্বাচিত এমপি ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, আল-মুসলিম গ্রুপের কর্ণধার শেখ মো:আব্দুল্লাহ।