ঝিনাইদহে শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের সাগান্না সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষক নজরুল ইসলামের (৫২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে। নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ি থেকে স্কুলে আসেন নজরুল ইসলাম। ঐদিন আর বাড়িতে ফেরেননি। তার পর থেকেই নিখোঁজ ছিলেন। ফোনও বন্ধ ছিল। তিনি পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ থাকতেন। নিখোঁজের পর চুয়াডাঙ্গা থানায় জিডি করা হয়েছে।  ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, শ্রেণিকক্ষে নজরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন শিক্ষকরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।