বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:২১

দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিশেষ সুযোগ-সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত সেবা প্রদান সহজ করা হয়েছে।

গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অস্ট্রেলিয়ার পক্ষ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন এবং স্বাক্ষর করেন অস্ট্রেলিয়ার ট্রেড, ট্যুরিজম অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনিস্টার ডান টিহান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে টিফা স্বাক্ষরের ফলে বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ ও বাণিজ্য বাড়বে। অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

অস্ট্রেলিয়া ২০০৩ সালে থেকে বাংলাদেশকে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিচ্ছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, আগামী ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও অস্ট্রেলিয়া বাংলাদেশকে প্রদত্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে এবং বিশ্ববাণিজ্য সংস্থায় এলডিসি গ্রুপের প্রস্তাবে সমর্থন থাকবে বলে আশা করছি। বাণিজ্যমন্ত্রী ভ্যাকসিন উত্পাদকারী দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে মানবিক কারণ বিবেচনায় বাংলাদেশে কোভিড ভ্যাকসিন অনুদান হিসেবে সরবরাহের অনুরোধ জানান।

 অস্ট্রেলিয়ার ট্রেড, ট্যুরিজম অ্যান্ড ইনভেস্টমেন্ট মিনিস্টার ডান টিহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শুভেচ্ছা জানান। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, টিফা স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশের বিনিয়োগ ও বাণিজ্য বাড়বে। বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক ও শিক্ষাসহ বেশকিছু সম্ভাবনাময় সেক্টর রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমাই ব্রুয়ার, ভার্চুয়ালিযুক্ত হয়ে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শফিউর রহমান। অনুষ্ঠানে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নার্দিয়া সিম্পসন প্রমুখ উপস্থিত ছিলেন।